আজকের যুগে প্রযুক্তির সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)। বর্তমান বিশ্বে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মানুষের চিন্তাভাবনা, কাজের ধরন ও জীবনযাত্রা।এইসব পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence যাকে আমরা সংক্ষেপে AI নামে সম্বোধন করে থাকি। এটি এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে যন্ত্র নিজে থেকে চিন্তা করতে পারে, শেখে এবং সিদ্ধান্ত নিতে পারে। যেমন ধরুন, গুগল সার্চ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Siri, Alexa), অটোমেটিক গাড়ি, এমনকি ফেসবুকের পোস্ট সাজানোর পেছনেও কাজ করে AI। দারুন না বিষয়টি?
প্রথমে এটি ছিল গবেষণার বিষয়, এরপর তা উন্মুক্ত ব্যবহারে এসেছে এবং এখন তা শাসন করছে মানবসভ্যতার নানা খাতকে। প্রশ্ন হচ্ছে, এই AI কি আমাদের মুক্তি এনে দেবে, নাকি একদিন মানুষকেই পরাধীন করে তুলবে?-এ বিষয়ে আমাদের জানা-শোনা প্রয়োজন। প্রয়োজন অন্যকে জানানোর।
What is Artificial Intelligence (AI) ? বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি?
সহজ কথায় বলতে গেলে, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এক ধরনের প্রযুক্তি, যার মাধ্যমে যন্ত্র বা সফটওয়্যারকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যেন তা মানুষের মতো কাজ করতে পারে। যেমন ধরো, একটি রোবট যদি নিজে নিজে রাস্তা চিনে চলতে পারে, অথবা একটি সফটওয়্যার যদি মানুষের লেখা বা কথা বুঝে উত্তর দিতে পারে-তবে বুঝতে হবে, সেখানে AI কাজ করছে।আজকাল আমরা গুগল ম্যাপ ব্যবহার করি, মোবাইলে ভয়েস কমান্ড দিই বা সোশ্যাল মিডিয়ায় আমাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেখি এসবই AI এর অবদানে কাজ করে।বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে এআই কি করতে পারে এই প্রশ্ন না করে বরং প্রশ্ন করা দরকার যে, এআই কি করতে পারে না? উত্তর হচ্ছে এভ্রিথিং ইজ পসিবল।
আমাদের জীবনযাত্রাকে অতি সহজ করার ক্ষেত্রে AI এর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনস্বীকার্য। বর্তমানে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত কিছু AI অ্যাপস যা যুগকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে:
ChatGPT (OpenAI)
ব্যবহার: প্রশ্নোত্তর, লেখালেখি,প্রবন্ধ তৈরি, অনুবাদ,কোডিং সহায়তা, আইডিয়া জেনারেশন,পরামর্শ দেওয়া।এটি এখন মানুষের ভাষার এতটাই নিখুঁত অনুকরণ করতে পারে যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে মানুষের সঙ্গে কথা বলছে, নাকি মেশিনের সঙ্গে।বর্তমানে এটি শিক্ষার্থী ও গবেষকদের মাঝে খুব জনপ্রিয়।যেকোনো জিজ্ঞাসার জবাব খুব দ্রুত দিয়ে থাকে চ্যাট জিপিটি।Google Bard / Gemini
ব্যবহার: ChatGPT-এর মতো AI চ্যাট অ্যাসিস্ট্যান্ট; গুগলের নিজস্ব ডেটা ও সিস্টেমে কাজ করে।ব্লগ, রচনা, ইমেইল তৈরি, সংক্ষিপ্ত নোট, এমনকি কবিতা বা গল্পও লিখতে পারে।সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, গণিতসহ যেকোনো প্রশ্নের বোধগম্য উত্তর দেয়।এছাড়া ভাষা অনুবাদ ও কোডিং সহায়তা দিয়ে থাকে এটি।DeepSeek
ব্যবহার:DeepSeek হলো একটি নতুন প্রজন্মের AI ভাষা মডেল ও চ্যাট অ্যাসিস্ট্যান্ট, যা মূলত চীনের গবেষক দল বা কোম্পানি দ্বারা তৈরি হয়েছে। এটি ChatGPT, Gemini, Claude ইত্যাদির মতোই একটি Generative AI System. এটি বিশেষভাবে প্রোগ্রামিংয়ে দক্ষ।এছাড়া রিসার্চ,রচনা,আলোচনা, ব্লগ, ইমেইল, সারাংশ তৈরি,প্রশ্নোত্তর,অনুবাদে সাহায্য করে থাকে এটি।Google Lens
ব্যবহার: এটি গুগলের তৈরি একটি চমৎকার চিত্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক প্রযুক্তি, যা ক্যামেরায় দেখা বা তোলা ছবিকে বিশ্লেষণ করে তথ্য শনাক্ত ও অনুসন্ধান করতে সাহায্য করে।যেকোনো পণ্যের খোঁজ, বারকোড স্ক্যান ইত্যাদিতে সাহায্য করে।Google Assistant
ব্যবহার: ভয়েস কমান্ডে কাজ করা, রিমাইন্ডার দেওয়া, ওয়েদার জানানো, ফোন কল বা মেসেজ পাঠানো। এটি সাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহৃত হয়।Grammarly
ব্যবহার: লেখার সময় বানান ও ব্যাকরণ ঠিক করা, উন্নত লেখনী সাজেশন দেওয়ার কাজে সহায়তা করে। এটি ব্লগার,শিক্ষার্থী ও প্রফেশনাল লেখকদের কাছে গুরুত্বপূর্ণ AI টুলস।Duolingo
ব্যবহার: AI ব্যবহারে ভাষা শেখানোর সবচেয়ে কার্যকরী অ্যাপ; শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। অনেকটা দোভাষীর মতো ব্যবহৃত হয় এই অ্যাপসি, যা AI নিয়ন্ত্রিত।Google Translate
ব্যবহার: ভাষা অনুবাদ, ক্যামেরায় ছবি থেকে অনুবাদ, ভয়েস অনুবাদ।মুভি,ওয়েব সিরিজ অনুবাদেও গুগল ট্রান্সলেট অতুলনীয়।FaceApp / Remini / Photoshop AI
ব্যবহার: ছবি সম্পাদনা, বয়স বাড়ানো/কমানো, মুখ পরিবর্তন করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ইত্যাদি কাজ করে দেয়। ছবি সম্পাদনার আরো অসংখ্য AI টুলস রয়েছে এসব অ্যাপে।চাকরি হারানোর আশঙ্কা:
অনেক জায়গায় মানুষের পরিবর্তে AI ব্যবহার করা হচ্ছে, ফলে চাকরির বাজারে সংকট দেখা দিচ্ছে।
গোপনীয়তার ঝুঁকি:
AI অনেক সময় আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, যা হ্যাক বা অপব্যবহারের ঝুঁকি বাড়ায়।
ভুয়া তথ্য তৈরি:
AI দিয়ে ভুয়া ছবি, ভিডিও, নিউজ বানানো যাচ্ছে—যা সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে।সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েলের যুদ্ধে আমরা বিষয়টা খেয়াল করেছি। যুদ্ধ চলাকালীন অসংখ্য ফেক ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেগুলো Ai Generated Video, এগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।
নৈতিক সংকট:
AI দিয়ে এমন কিছু কাজ করানো যায় যা সমাজের নীতিবোধের বিরুদ্ধে যেতে পারে। যেমন—যুদ্ধ বা নজরদারির কাজে AI ব্যবহার।
মস্তিষ্কের ওপর নির্ভরতা কমে যাওয়া:
সব কাজ AI করলে, মানুষের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা কমে যেতে পারে।এভাবে মানুষের সৃজনশীলতা হ্রাস পাচ্ছে।
“আমরা এমন কিছু গড়ছি, যা একদিন মানুষের চাইতে অনেক বেশি ন্যায়পরায়ণ ও সুবিচার করবে। একপ্রকার আধুনিক ঈশ্বর। এখানে সমস্যাটা গভীর!”
মানুষের গঠন শুধু কেবল মাংস ও হাড় দিয়ে নয়। মানুষের ভেতরে আছে:চিন্তা,অনুভূতি,জিজ্ঞাসা,ভয় ভালবাসা ও আত্মা।আর এই আত্মা থেকেই আসে নৈতিকতা, দায়িত্ব, পাপ-পুণ্য– যা কোনো মেশিন অনুধাবন করতে পারে না। অপরদিকে, AI শেখে ডেটা থেকে।মানুষ শেখে অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে।এজন্য AI বুদ্ধিমান, কিন্তু সে জ্ঞানী নয়। AI গণনা করতে পারে, কিন্তু তওবা করতে পারে না। তবুও, মানুষ যদি নিজেই আত্মা ভুলে যন্ত্রের মতো হয়ে যায়, তখন মেশিনের সঙ্গে তার ফারাক কোথায়?
যদি মানুষ নিজেই সৃষ্টি করে এমন একটি সত্তাকে, যার নিকট সে বিচার পাবে, আদেশ মানবে, সাহায্য চাইবে-তবে মানুষ কি তখন নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যায় না? কুরআনে আল্লাহ তায়ালা বলেন:"তারা নিজের হাতের তৈরি জিনিসকেই উপাস্য বানিয়ে নেয়।"-(সূরা আরাফ: ১৯৫)
আমরা যদি নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাহলে অদূর ভবিষ্যতে কি ঘটবে? চলুন কিছু সম্ভাব্য বাস্তবতা কল্পনা করা যাক:
AI বিচারক: মানুষের বদলে আদালতে রোবট বিচারক বসেছে। AI বলে: এই লোকের অপরাধের সম্ভাবনা ৮৭.৩%, তাই তাকে দোষী ধরা হলো।কিন্তু AI জানে না এই লোকের চোখে পানি কেন?সে সত্যিই দোষী, নাকি সমাজের ভুলের শিকার?
AI শিক্ষক: একটা ক্লাসরুমে শিক্ষক নেই, আছে একটি বড় স্ক্রিন, যেখানে AI বলে: তোমার মস্তিষ্ক অ্যালগরিদম অনুযায়ী তুমি শুধু কারিগরি বিষয়ে দক্ষ। শিল্প সাহিত্য বাদ দাও। AI ভুলে যায়, এই বাচ্চাটিই হয়তো হতভাগ্য কবি, যার কলমে সমাজ বদলে যেত!
AI পুলিশ:
সিসিটিভি বিশ্লেষণ করে AI বলে: এই ছেলেটি চোর, গত ছয়বার দোকানে এসেছে, কিছু কেনেনি।কিন্তু AI জানে না সে প্রতিদিন ক্ষুধার্ত চোখে খাবারগুলো দেখে, কিন্তু টাকাই নেই কেনার মতো। গরিবের অভিশাপকে অপরাধ বলে গণ্য করে যন্ত্র।
AI মা:
একটি বাচ্চা কাঁদছে, AI-রোবট বলে: খাওয়ানো হয়েছে ৩ ঘন্টা আগে, এখন খাওয়ানোর সময় নয়।
কিন্তু AI জানে না বাচ্চাটি কাঁদছে মায়ের কোলে না থাকার জন্য! মায়ের স্পর্শকে কি কখনো কোড করা যায়?
তাহলে আমাদের মুক্তি কোথায়?
AI আমাদের সময় বাঁচায়, অনেক কাজ করে দেয়। কিন্তু মুক্তি মানে কি শুধু কাজ না করা?মুক্তি মানে কি নিজের বুদ্ধি না খাটিয়ে চলা?অবশ্যই না।মুক্তি মানে হতে পারে নিজের ভেতরের ‘মানুষটাকে’ হারিয়ে না ফেলা। যে অনুভব করে, ভুল করে, অনুতপ্ত হয়, আবার গড়ে তোলে। AI যদি আমাদের সাহায্য করে সেই মানুষটাকে আরও ভালো করতে তখন সেটা মুক্তি।আর যদি আমাদের আত্মা চেপে বসে — তখন সেটা দাসত্ব। AI আমাদের মুক্তির রাস্তায় সহযাত্রী হতে পারে,কিন্তু যদি সে হয়ে ওঠে আমাদের অভিভাবক, তবে সে আমাদের স্বাধীনতা নয়, নিরাপদ দাসত্ব দেবে।মানুষ প্রযুক্তি সৃষ্টি করেছে, কিন্তু একদিন যদি প্রযুক্তিই মানুষের ভবিষ্যৎ লিখে দেয় —তবে মানুষ নিজেই নিজের সৃষ্টির ছায়ায় হারিয়ে যাবে।
ইলন মাস্ক (Elon Musk) এজন্যই বহুবার বলেছেন, “AI is more dangerous than nuclear weapons.” অর্থাৎ AI কে পারমানবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞের চেয়েও একধাপ এগিয়ে রেখেছেন।তিনি AI নিয়ে কঠোর নীতিমালা, নিয়ন্ত্রণ এবং সতর্কতা চেয়েছেন। ২০১৫ সালে এলন মাস্ক OpenAI প্রতিষ্ঠা করেন যাতে মানবকল্যাণে নিয়ন্ত্রিত AI তৈরি হয়।
স্টিফেন হকিং (Stephen Hawking) বলেছিলেন: “The development of full artificial intelligence could spell the end of the human race.”-তাঁর আশঙ্কা ছিল, AI একসময় নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেবে এবং মানুষকে অপ্রাসঙ্গিক করে তুলবে।
Future of Humanity Institute (FHI) এটি একটি গবেষণা প্রতিষ্ঠান যা ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাব্যতা নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সুইডিশ দার্শনিক ও ভবিষ্যতবিদ নিক বোস্ট্রম (Nick Bostrom) ২০১৪ সালে : “Superintelligence: Paths, Dangers, Strategies” নামে একটি বই লেখেন যেখানে তিনি আশংকা করেন যে, একদিন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে এবং যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় AI বিশেষজ্ঞদের ২০২৩ সালের একটি ঘোষণাপত্র থেকে। ২০২৩ সালে Center for AI Safety এক বিবৃতি দেয়, যাতে বলা হয়: “Mitigating the risk of extinction from AI should be a global priority alongside other societal-scale risks such as pandemics and nuclear war.” অর্থাৎ মানুষের বিলুপ্তি যেন না হয়—এই জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ঝুঁকি কমানো খুব জরুরি। এটা তেমনই গুরুত্বপূর্ণ, ঠিক যেমন মহামারি বা পারমাণবিক যুদ্ধ ঠেকানো জরুরি। আর এই ঘোষণাপত্রে সাক্ষর করেন:
☑Geoffrey Hinton (AI-এর গডফাদার)
☑Yoshua Bengio (Turing award winner)
এ থেকে আমরা বুঝলাম, AI নিঃশেষ করতে চাওয়া কোনো সমাধান নয় কিন্তু এর অনিয়ন্ত্রিত বা ভুলভাবে ব্যবহৃত হলে তা মানবজাতিকে ধ্বংস করে ফেলতে পারে এমন ভয় বিশ্বজোড়া বিশেষজ্ঞরাই করেছেন।
একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তি যেমন এগিয়ে চলেছে, তেমনি মানুষ আজ ভাবছে এই অগ্রগতির সীমা কোথায়? বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–এর মতো প্রযুক্তি যখন মানুষের মতোই চিন্তা করতে শুরু করেছে, তখন ধর্মীয় ও দার্শনিক চিন্তা এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইসলামে জ্ঞান, প্রযুক্তি ও গবেষণাকে উৎসাহ দেওয়া হয়েছে। কুরআনে বহু আয়াতে চিন্তা-গবেষণার প্রতি আহ্বান রয়েছে।
পবিত্র আল কুরআন বলে: "তোমাদের মধ্যে যে জ্ঞান আছে, তা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই নয়।" (সূরা আলাক ৯৬:৫-৬)। AI তৈরি করে মানুষ আল্লাহ প্রদত্ত মেধা ও প্রযুক্তির ব্যবহার করছে, এতে বাঁধা নেই। কিন্তু যদি AI কে এমন ক্ষমতা দেওয়া হয় যাতে সে সৃষ্টি বা আল্লাহর প্রতিনিধিত্বের মতো কিছু করে বসে, তাহলে তা স্পষ্ট শিরক বা সীমা অতিক্রম হতে পারে।তথ্য প্রযুক্তির অপব্যবহার যেমন;নজরদারি, গোপন তথ্য চুরি,কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের ক্ষতি,মারণাস্ত্র বানানো এইসবই আধুনিক যুগের সীমালঙ্ঘনের রূপ।ইসলামের দৃষ্টিতে যা ভয়ংকর অপরাধ।পবিত্র আল কুরআনে আল্লাহ তায়ালা বলেন,“আর তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।”-সূরা আল-বাকারা (২:১৯০)।
AI ব্যবহার করে যদি মানুষ সত্য-মিথ্যার সীমা মুছে ফেলে তবে এটি ইসলামের ন্যায়বিচার ও সততার মূলনীতির পরিপন্থী।তাই AI মানুষের কাজে সাহায্য করলেও, মানুষের নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে প্রযুক্তি ব্যবহারে।কাজেই AI মানুষের মস্তিষ্কের বিস্ময়কর প্রতিফলন, কিন্তু আত্মা, নৈতিকতা, এবং ধর্মবিশ্বাস শুধুমাত্র মানুষের বিষয়। মনে রাখবে হবে প্রযুক্তি যতই উন্নত হোক, তা যেন মানবতা, ধর্মীয় নীতি ও দার্শনিক চিন্তার জায়গায় হস্তক্ষেপ না করে বসে। মানুষের মর্যাদা ও ভাবমূর্তিতে যেন ব্যাঘাত না ঘটায়। মানুষ সৃষ্টির সেরা জীব এবং মহান আল্লাহ তায়ালার কাছে আমরা মানবজাতি সৃষ্টির সেরা জীব। আল্লাহ তায়ালা আমাদের দিয়েছেন উত্তম মর্যাদার আসন।পবিত্র কুরআনের বাণী,“আমি অবশ্যই আদম সন্তানদের মর্যাদা দান করেছি।”- সূরা আল-ইসরা (১৭:৭০)।
সুতরাং,আমাদের উচিত, প্রযুক্তিকে সেবা ও কল্যাণে নিয়োজিত রাখা—এমন নিয়ন্ত্রণহীন শক্তিতে নয় যা আমাদের ভাবমূর্তি ও সম্মানের আসনকে কলুষিত করে। AI একবার মানুষজাতিকে নিয়ন্ত্রণ করতে পারলে এটি হয়ে উঠবে একবিংশ শতাব্দীর নতুন শাসক ও শোষক। তখন এটি পুরোদমে পরিণত হবে একটি অভিশপ্ত নামে।
কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজীবনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। সুতরাং-
☑মনে রাখতে হবে, AI একটি শক্তিশালী হাতিয়ার—যার দিক নির্ধারণ করবে মানুষের নৈতিকতা ও সদ্বিচার।
☑AI কে শুধুই একটি টুল হিসেবে ব্যবহার করতে হবে,মানুষের বিকল্প হিসেবে নয়।
☑AI ব্যবহার সীমিত রাখুন। জীবনের সবকিছু যন্ত্রের উপর ছেড়ে না দিয়ে মানুষের মতামত ও আবেগকেও মূল্য দিতে হবে।




Post a Comment