বর্তমান বিশ্বে যেকোনো ব্যবসার প্রচার ও প্রসারের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রচারের জন্য পুরনো সব মার্কেটিং পলিসির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকেই ঝুঁক পড়ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে চাকরির বাজার ও ফ্রিল্যান্সিংয়ের জগতে সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতাগুলোর অন্যতম একটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই আর্টিকেলে আমরা ডিজিটাল মার্কেটিং কী, এর বিভিন্ন শাখা-প্রশাখা, শেখার সঠিক পদ্ধতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা ও খুটিনাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ডিজিটাল মার্কেটিং কী?
ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের পণ্য, সেবা ইত্যাদির প্রচার, বিপণন ও বিক্রয় বৃদ্ধির একটি জনপ্রিয় ও আধুনিক প্রক্রিয়া। আরো সহজ ভাষায় বলতে গেলে— যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রোডাক্ট বা সেবা সম্পর্কিত তথ্য টার্গেটেড গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য নিজস্ব একটি ওয়েবসাইট,সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইল বা এরকম অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে থাকেন, তখন তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। পুরনো ঐতিহ্যবাহী মার্কেটিং পদ্ধতি যেমন রেডিও,টিভি বিজ্ঞাপন,পত্রিকা বা বিলবোর্ডের বিপরীতে ডিজিটাল মার্কেটিং অনেক বেশি লক্ষ্যভিত্তিক, কার্যকরী ও পরিমাপযোগ্য। আবার তুলনামূলক কম খরচে বিশাল পরিমাণ মানুষের (Audience) কাছে পৌছানোর সহজ মাধ্যম এটি। ফলাফলও অনেক সুদূরপ্রসারী। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে সুবিধাজনক বিষয়টি হচ্ছে এর মাধ্যমে আপনি সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে সঠিক বার্তাটি পৌঁছাতে পারবেন এবং প্রতিটি ক্যাম্পেইনের ফলাফল সংখ্যা দিয়ে পরিমাপযোগ্য—অর্থাৎ আপনার বিজ্ঞাপনটি ঠিক কতজন দেখেছে, কতজন ক্লিক করেছে, কতজন পণ্য অর্ডার করেছে, এসব কিছুর পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়। এতে করে চলমান ক্যাম্পেইনের কার্যকারিতা কতটুকু তা উপলব্ধি করা যায়।
কেন ডিজিটাল মার্কেটিং শেখা গুরুত্বপূর্ণ?
প্রথমত, বিশ্বব্যাপী প্রায় সব ব্যবসায় প্রতিষ্ঠান দিনকে দিন অনলাইনে তাদের সরব উপস্থিতি বাড়াতে মরিয়া, ফলে চাকরির বাজারে দক্ষ ডিজিটাল মার্কেটারের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
দ্বিতীয়ত, বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্ট কাজের পরিমাণ সবসময়ই বেশি থাকে, যা ঘরে বসে থেকে আয়ের পথকে সুগম করে দিয়েছে।
তৃতীয়ত, এই দক্ষতা অর্জন এতটাই গুরুত্বপূর্ণ যে, এটি শিখলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারেও সহায়ক ভূমিকা পালন করা সম্ভব হয়।
সর্বোপরি,বিশ্বব্যাপী ডিজিটাল মার্কেটিং একটি বৃহৎ পরিধির সৃজনশীল ও বিশ্লেষণধর্মী পেশা হওয়ায় প্রতিনিয়ত নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয়।
ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান শাখাসমূহ
ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্র বিশাল ও বিস্তৃত, যার মধ্যে রয়েছে একাধিক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ শাখা। প্রতিটি শাখার রয়েছে নিজস্ব চাহিদা, বৈশিষ্ট্য ও কৌশল। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা সম্পর্কে আলোচনা করা হলো:
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO):
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা SEO হচ্ছে এমন একটি কৌশল, যার মাধ্যমে কোনো ওয়েবসাইটকে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে সবার উপরে নিয়ে আসা হয়। অর্থাৎ একটি ওয়েবসাইটকে সব সময় শীর্ষ স্থানে বা ট্রেন্ডিংয়ে রাখার কাজটি করে Search Engine Optimization. এক্ষেত্রে যে ওয়েবসাইট যতবেশি উন্নত, সেই ওয়েবসাইট ততবেশি জনপ্রিয়।
এটি সাধারণত তিনটি অংশে বিভক্ত—
১. অন-পেজ SEO (On-Page SEO): এর মাধ্যমে ওয়েবসাইটের কনটেন্ট, শিরোনাম, টার্গেটভিত্তিক কীওয়ার্ড, ছবি ও অভ্যন্তরীণ লিংকসহ বিভিন্ন উপাদানকে অপ্টিমাইজ করে সার্চ ইঞ্জিনের জন্য বেশি উপযোগী করে তোলা হয়।
২. অফ-পেজ SEO (Off-Page SEO): অন্যান্য নির্ভরযোগ্য ও বড় ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক অর্জন করা এবং ব্র্যান্ডের অনলাইন উপস্থিতিকে বাড়ানোর মাধ্যমে ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা ও র্যাঙ্কিং কে আরো বেশি উন্নত করা এর কাজ।
৩. টেকনিক্যাল SEO (Technical SEO): ওয়েবসাইট লোডিং স্পিড , মোবাইল ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, নিরাপত্তা (HTTPS) নিশ্চিত ও কন্টেন্ট ইনডেক্সিং ইত্যাদি প্রযুক্তিগত বিষয়গুলোকে অপ্টিমাইজ করা এবং সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইটটি কে আরও বেশি গ্রহণীয় করে তোলে। এজন্য SEO শেখা ডিজিটাল মার্কেটিংয়ের ভৌতভিত্তি হিসেবে কাজ করে, কারণ বর্তমানে প্রায় সব অনলাইন ব্যবসার জন্যই অর্গানিক ট্রাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচ্য।
সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM) ও পিপিসি বিজ্ঞাপন:
অনলাইনে মার্কেটিং পদ্ধতির আরেকটি কার্যকরী উপায় হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM. এটি মূলত অর্থের বিনিময়ে সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন প্রদর্শনের একটি পেইড প্রক্রিয়া, যেখানে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যাডস। এর মূলনীতি হচ্ছে Pay-Per-Click বা PPC অর্থাৎ এই প্রক্রিয়ায় পণ্য বা সেবার বিজ্ঞাপনদাতা শুধুমাত্র তখনই অর্থ প্রদান করে থাকেন যখন কোনো দর্শক তাঁর বিজ্ঞাপনে ক্লিক করেন।মানে যত ক্লিক তত পেমেন্ট। এই কৌশল খুব দ্রুত ভালো ফলাফল পেতে সহায়ক এবং নির্দিষ্ট অডিয়েন্সের কাছে সহজে পৌঁছানোর অন্যতম মাধ্যম।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM):
SMM বর্তমানে বহুল জনপ্রিয় মার্কেটিং পদ্ধতিগুলোর একটি।
বিশেষ করে Facebook, Twitter (X), Insagram, Telegram, LinkedIn, Tiktok ইত্যাদি সোস্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানে পণ্য বা সেবা প্রচার করার প্রক্রিয়াকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুক মার্কেটিং (Facebook Marketing) বিশেষভাবে জনপ্রিয়, কারণ এদেশে বিপুল সংখ্যক সক্রিয় ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এই শাখায় পণ্যের কনটেন্ট তৈরি, পেইড বিজ্ঞাপন পরিচালনা, পেজ বুস্টিং এবং কমিউনিটি ম্যানেজমেন্ট—সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কনটেন্ট মার্কেটিং: (Content Marketing)
কনটেন্ট মার্কেটিং আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে একজন লেখক বা ব্লগার মূল্যবান, প্রাসঙ্গিক ও সময়োপযোগী কনটেন্ট লিখে টার্গেট অডিয়েন্সকে আকৃষ্ট করার চেষ্টা করেন। এর মধ্যে ব্লগ পোস্ট, শিক্ষণীয় ভিডিও, ইনফোগ্রাফিক্স,ট্রেন্ডিং ভিডিও, ই-বুক ইত্যাদি কন্টেন্ট মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। ভালোমানের কনটেন্ট শুধু গ্রাহককে আকর্ষণই করে না, বরং গ্রাহককে ধরে রেখে একটি ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠায়ও সহায়ক ভূমিকা পালন করে থাকে।
ইমেইল মার্কেটিং: (Email Marketing)
ইমেইল মার্কেটিং বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় ও কার্যকর মাধ্যম, বিশেষ করে গ্রাহককে ধরে রাখা ও পুনরায় প্রোডাক্ট সেল বৃদ্ধির ক্ষেত্রে এটি অত্যন্ত ফলপ্রসূ প্রক্রিয়া।সঠিকভাবে পরিচালিত প্রতিটি ইমেইল ক্যাম্পেইন ব্যবসার জন্য উচ্চ বিনিয়োগ প্রতিদান (ROI) যোগ করতে পারে।
অ্যাফিলিয়েট মার্কেটিং: (Affiliate Marketing)
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সাধারণত একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোম্পানির হয়ে পণ্য প্রচার করে দেয় এবং প্রতিটি বিক্রয়ের বিপরীতে নির্দিষ্ট হারে কমিশন গ্রহণ করে। যেমন: কোনো একটি ওয়েবসাইট মোবাইল ফোনের রিভিউ লিখলো এবং অর্ডার করার লিংকে Daraz এর রেফারেল লিংক বসিয়ে দিল। কোনো দর্শক যদি সেই লিংকে ক্লিক করে মোবাইলটি কিনে তাহলে ওয়েবসাইটের মালিক নির্দিষ্ট হারে কমিশন পাবেন। বর্তমানে এটি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মধ্যে ব্যাপক জনপ্রিয় আয়ের মাধ্যম হয়ে উঠেছে।
কনটেন্ট এনালিটিক্স ও ডেটা বিশ্লেষণ: (Data Analytics)
বড় বড় কোম্পানী বা প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটি ক্যাম্পেইনের প্রভাব, কার্যকারীতা,সাফল্য ইত্যাদি পরিমাপের জন্য ডেটা বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। গুগল অ্যানালিটিক্সের মতো জনপ্রিয় বিভিন্ন টুলস ব্যবহার করে ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, ব্যবহারকারীর আচরণ ও ইন্টারেস্ট, ক্যাম্পেইনের কার্যকারিতা বিশ্লেষণ করা হয়, যা ব্যবসায়ের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে সহায়ক ধারণা দিয়ে থাকে।
ডিজিটাল মার্কেটিং শেখার ধাপসমূহ:
ধাপ ১: মৌলিক ধারণা অর্জন করা
শুরুতেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। এর মধ্যে রয়েছে মার্কেটিং পদ্ধতি, টার্গেট অডিয়েন্স বা লক্ষ্য নির্ধারণ, ব্র্যান্ডিং ও কাস্টমার জার্নির ধারণা। এই বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আহরণ কীতে হবে।
ধাপ ২: SEO শেখা
যেহেতু SEO হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ভিত্তি, তাই প্রথমেই কীওয়ার্ড রিসার্চ সম্পর্কে জ্ঞানার্জন, অন-পেজ ও অফ-পেজ অপ্টিমাইজেশন এবং টেকনিক্যাল SEO সম্পর্কে ভালো ধারণা অর্জন করা দরকার। পাশাপাশি Google Search Console ও বিভিন্ন Keyword Recherch Tools ব্যবহার করে হাতে-কলমে অনুশীলন করা অত্যন্তু জরুরি।
ধাপ ৩: সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনুশীলন
নিজস্ব ফেসবুক পেজ,গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে বাস্তবভিত্তিক বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচারের অনুশীলন করা উচিত। এতে Algorithm , Engagement ও Paid Advertisement সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করে বাস্তবে কাজে লাগানো সম্ভব।
ধাপ ৪: পেইড বিজ্ঞাপন পরিচালনা শেখা
Google Ads ও Facebook Ads Manager ব্যবহার করে ছোট ছোট বাজেটে পরীক্ষামূলক ক্যাম্পেইন পরিচালনা করে অভিজ্ঞতা নেওয়া উচিত। এতে করে বিজ্ঞাপন টার্গেটিংসহ বিডিং কৌশল ও কনভার্সন ট্র্যাকিং সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করা সম্ভব হবে।
ধাপ ৫: কনটেন্ট মার্কেটিং ও কপিরাইটিং দক্ষতা অর্জন
উচ্চমানের আকর্ষণীয় ও প্রভাবশালী কনটেন্ট তৈরির দক্ষতা ডিজিটাল মার্কেটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হিসাবে পরিচিত। ব্লগসাইটে লেখালেখি করা, সোশ্যাল মিডিয়া ক্যাপশন ও কোটেশন তৈরি এবং বিজ্ঞাপনের কপি লেখার অনুশীলন চালিয়ে যাওয়া এই দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ধাপ ৬: এনালিটিক্স টুল আয়ত্ত করা
Google Analytics , Google Tags Manager এবং ফেসবুক পিক্সেলের মতো জনপ্রিয় টুলগুলোর ব্যবহার শেখা প্রয়োজন, যাতে করে যেকোনো ক্যাম্পেইনের ফলাফল সঠিকভাবে পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করা যায়।
ধাপ ৭: বাস্তব প্রকল্পে কাজ করা
তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি প্রাক্টিক্যালি ছোট ছোট বাস্তব প্রকল্পে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের একটি ভালোমানের ওয়েবসাইট তৈরি করা এবং সেখানে ভালোমানের আর্টিকেল লেখা অনেক ফলপ্রসূ ভূমিকা রাখবে যা পরবর্তীতে ফ্রিল্যান্সিং বা চাকরির ক্ষেত্রে পোর্টফোলিও হিসেবেও ব্যবহার করা সম্ভব হবে।
ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমসমূহ:
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বর্তমানে অনলাইন ও অফলাইনে অসংখ্য মাধ্যম রয়েছে। গুগলের নিজস্ব "গুগল ডিজিটাল গ্যারেজ" এবং "গুগল স্কিলশপ" প্ল্যাটফর্মে বিনামূল্যে অনেক মানসম্পন্ন কোর্স পাওয়া যায়। এছাড়াও হাবস্পট অ্যাকাডেমি, কোর্সেরা ও উডেমির মতো বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মও অসংখ্য পেইড কোর্স পরিচালনা করে থাকে। এরমধ্যে কিছু বিনামূল্যেও করানো হয়। ইউটিউবেও ফ্রীতে প্রচুর বাংলা ও ইংরেজি ভাষালব্ধ টিউটোরিয়াল পাওয়া যায়, যা আপনার প্রাথমিক ধারণা অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া বাংলাদেশের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও আইটি সেন্টারে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে।
ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার সম্ভাবনা
ডিজিটাল মার্কেটিং শেখার পর একজন দক্ষ মার্কেটারের একাধিক ক্যারিয়ার পথ খোলা থাকে। এক্ষেত্রে দক্ষতা অর্জন করার পরে বিভিন্ন নামি-দামি কোম্পানিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, SEO স্পেশালিস্ট, কনটেন্ট মার্কেটার বা পিপিসি এক্সপার্ট হিসেবে চাকরি করার সুযোগ তৈরি হয়। আবার অনেকে বিভিন্ন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন Upwork, Freelancer, Fivers,Toptel ইত্যাদিতে স্বাধীনভাবে কাজ করার মাধ্যমে আয় করে থাকেন । এক্ষেত্রে যাঁরা উদ্যোক্তা হতে চান, তাঁরা নিজের এজেন্সি প্রতিষ্ঠা করেও ব্যবসা পরিচালনা করতে পারেন।
বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং আধুনিক ব্যবসা জগতের একটি অন্যতম অংশ দখল করেছে, যা প্রতিষ্ঠানকে যথাসময়ে সঠিক গ্রাহকের কাছে কার্যকরভাবে তুলে ধরতে সহায়তা করে থাকে। SEO করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কনটেন্ট রাইটিং ও মার্কেটিং, পেইড বিজ্ঞাপন ও ইমেইল মার্কেটিং—এই সব শাখা মিলিয়েই তৈরি হয় সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং কৌশল। ধাপে ধাপে মৌলিক ধারণা অর্জন করে বাস্তব প্রকল্পে কাজ করার মধ্য দিয়ে যে কেউ এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন।
বাজারে ক্যারিয়ার হিসেবেও ডিজিটাল মার্কেটিং বর্তমানে অত্যন্ত সম্ভাবনাময় এবং ব্যাপক চাহিদাসম্পন্ন স্কিল। ধারাবাহিকভাবে অনুশীলন করা, হালনাগাদ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার আলোকে একজন ব্যক্তি দক্ষ ও সফল ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারেন।



Post a Comment