বিভিন্ন নফল নামাজের পরিচয় ও ফজিলত

প্রকাশ:

ইসলাম ধর্মে ফরজ নামাজ আদায়ের পাশাপাশি নফল নামাজের গুরুত্ব অনেক। বান্দা কর্তৃক ফরজ নামাজ আদায় যেমন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বাধ্যতামূলক বিধান, ঠিক তেমনি নফল নামাজ আদায়ের মাধ্যমেও বান্দা আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার সুযোগ পায়।বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, বান্দা যখন নফল ইবাদতে মগ্ন হয়, আল্লাহ তায়ালা বান্দার তত কাছাকাছি আসেন।এছাড়াও নফল নামাজের বদৌলতে আল্লাহ তায়ালা বান্দার ফরজ নামাজে হওয়া যেকোনো ত্রুটি-বিচ্যুতিকে ক্ষমা করে দেন। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন, এক্ষেত্রে আমলনামায় যদি কোনো কমতি পাওয়া যায়, সেক্ষেত্রে বান্দার নফল নামাজ দিয়ে সেই ঘাটতি পূরণ করা হবে। সুতরাং, প্রতিটি মুসলমানের উচিত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজও আদায় করা। আজকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নফল নামাজের পরিচয়, নিয়ম ও ফজিলত সম্পর্কে আলোচনা করবো।

নফল নামাজ কী এবং কেন গুরুত্বপূর্ণ?

নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত বা ঐচ্ছিক। যে নামাজ আদায় করা বান্দার উপরে ফরজ বা ওয়াজিব নয়, বরং সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় এবং সওয়াবের আশায় আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তাকে নফল নামাজ বলে। নফল নামাজ বাধ্যতামূলক নয়। তবে কেউ পড়লে বিশেষ সওয়াব ও ফজিলত লাভ করে। প্রিয় রাসূলুল্লাহ (সা.) নিজে নিয়মিত নফল নামাজ আদায় করতেন।

১. তাহাজ্জুদ নামাজ

নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজকে সবচেয়ে ফজিলত ও মর্যাদাপূর্ণ নামাজ হিসেবে গণ্য করা হয়। রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠে এই নামাজ আদায় করা হয়। হাদিসে বর্ণিত আছে, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো কিয়ামুল লাইল তথা রাতের ইবাদত। এছাড়াও হাদীসে উল্লেখ আছে যে: রাতের শেষ ভাগে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ডাকে সাড়া দেওয়ার ঘোষণা দিতে থাকেন। এই কারণে রাতের শেষভাগের এই সময়টিকে দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে বিবেচনা করা হয়।তাহাজ্জুদ নামাজ সাধারণত ২ রাকাত করে আদায় করতে হয়, এভাবে সর্বোচ্চ ৮ থেকে ১২ রাকাত পর্যন্ত আদায় করা যায়। এই নামাজে দীর্ঘ কিরাত পাঠ করার মাধ্যমে শান্ত ও নিরিবিলি পরিবেশে আল্লাহর সাথে একান্ত সংযোগ স্থাপনের সুযোগ অর্জন করা যায়। যারা নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে থাকেন, তাদের সম্পর্কে কুরআনে আল্লাহ তায়ালা প্রশংসাসূচক আয়াত নাজিল করে বলেন: "রাতে তারা অল্প ঘুমাতেন এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করতেন।"

২. ইশরাক নামাজ

সূর্য উদয়ের প্রায় ১৫-২০ মিনিট পরে ইশরাকের নামাজের ওয়াক্ত বা সময় শুরু হয়। এই নামাজটিও বেশ ফজিলতপূর্ণ আমল হিসেবে স্বীকৃত। ফজরের ফরজ নামাজ আদায় শেষে কেউ যদি ক মসজিদে বসে তাসবিহ তাহলিল পাঠ করতে থাকে, কুরআন তেলাওয়াত করে এবং সূর্য ওঠার পরে মাত্র ২ রাকাত নামাজ আদায় করে, তাহলে হাদিস অনুযায়ী তিনি একটি পূর্ণাঙ্গ হজ ও ওমরাহ পালন করার সম পরিমাণ সওয়াব অর্জন করেন। এই আমলকে অনেক আলেম বিশেষভাবে গুরুত্বের সাথে তুলে ধরেছেন, কেননা প্রতিদিন সকালে আমলটি করা তুলনামূলকভাবে সহজ কাজ হলেও এর মর্যাদা ও সওয়াব অত্যন্ত বিশাল।

৩. চাশত বা দুহা নামাজ

সূর্য কিছুটা উপরে ওঠার পর থেকে জোহরের ওয়াক্ত আরম্ভ হওয়ার পূর্ব সময় পর্যন্ত সময়ের মধ্যে চাশতের নামাজ পড়া যায়। এই নামাজের আরো নাম রয়েছে যেমন "সালাতুদ দুহা" বা "আওয়াবিনদের নামাজ।" হাদিসে এসেছে, মানবদেহে মোট ৩৬০টি জোড়া বা সন্ধিস্থল রয়েছে, আর প্রত্যেক সকালে প্রতিটি জোড়ার পক্ষ থেকে একটি করে সদকা আদায় করা বান্দার একান্ত কর্তব্য।এই সদকার বিকল্প হিসেবে চাশতের ২ রাকাত নফল নামাজই যথেষ্ট বলে বর্ণিত হয়েছে। এটি ন্যূনতম ২ রাকাত থেকে সর্বোচ্চ ৮ রাকাত পর্যন্ত আদায় করা যায়।

৪. আওয়াবিন নামাজ

মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পর অতিরিক্ত ৬ রাকাত নামাজ আদায় করাকে আওয়াবিন নামাজ বলা হয়। কোনো কোনো বর্ণনায় এসেছে ২আওয়াবিন নামাজ ২০ রাকাআত পর্যন্ত পড়া যায়। ফজিলত হিসাবে হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি মাগরিবের পর এই ৬ রাকাত নফল নামাজ আদায় করবে, তার আমলনামায় ১২ বছরের সমপরিমাণ নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ হবে। সারাদিনের কর্মচঞ্চলতার পর সন্ধ্যায় এই নামাজ আদায় করলে বাদার মন প্রশান্ত হয় এবং আল্লাহর সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।

৫. তাহিয়্যাতুল ওজু

ছোট্ট কিন্তু ব্যাপক ফজিলতপূর্ণ আমল হচ্ছে তাহিয়্যাতুল ওজু।ওজু সম্পন্ন করার পরপরই মাত্র ২ রাকাত নফল নামাজ আদায় করাকে তাহিয়্যাতুল ওজু বলা হয়। এই নামাজের ফজিলত সম্পর্কে একটি বিখ্যাত হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (সা.) একদিন সাহাবি হযরত বিলাল (রা.)-কে জিজ্ঞাসা করলেন তিনি কী এমন বিশেষ আমল করেন যার কারণে নবীজি মিরাজের রজনীতে জান্নাতে তাঁর আগে বিলালের জুতার শব্দ শুনতে পেয়েছেন। বিলাল (রা.) উত্তরে বলেছিলেন, তিনি প্রতিবার ওজু করলেই ২ রাকাত করে নফল নামাজ আদায় করতেন। এই ছোট্ট আমলটির জন্য আল্লাহ তায়ালা হযরত বেলার (রা) কে অঢেল সম্মান দিয়েছেন। 

৬. তাহিয়্যাতুল মাসজিদ

বান্দা মসজিদে প্রবেশ করে বসার আগেই ২ রাকাত নামাজ আদায় করাকে তাহিয়্যাতুল মাসজিদ বলা হয়।এটি মসজিদের প্রতি সম্মান ও রবের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের একটি চমৎকার পদ্ধতি হিসাবে স্বীকৃত আমল। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন সে যেন বসার আগে ২ রাকাত নামাজ আদায় করে নেয়। আর কেউ যদি নামাজের জামাতের আরম্ভ হওয়ার সময়ে মসজিদে পৌঁছায় তাহলে আলাদাভাবে এই নামাজ না পড়ে বরং সরাসরি জামাতে শরিক হওয়াই উত্তম। কারণ ফরজ নামাজেই এর উদ্দেশ্য অর্জিত হয়ে যায়।

৭. সালাতুল ইস্তিখারা

ইস্তিখারা অনেক গুরুত্বপূর্ণ ও পরিক্ষিত আমল। জীবনের গুরুত্বপূর্ণ বাঁকে কিংবা কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পতিত হলে আল্লাহ তায়ালার কাছে সঠিক পথের সন্ধান চেয়ে বান্দা এই নামাজ আদায় করে থাকে। বিয়েসাদি, ব্যবসায়িক সিদ্ধান্ত, ভ্রমণ কিংবা যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুই রাকাত নামাজ আদায় করে নির্দিষ্ট দোয়া পাঠ করা হয় আল্লাহর কাছে। মূলত এর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে আরজি জানিয়ে বলে যে: যদি এই কাজ বা সিদ্ধান্তটি আমার জন্য কল্যাণকর হয়, তবে তা সহজে করে দাও আর যদি ক্ষতিকর বা অকল্যাণকর হয়, তাহলে তা থেকে আমাকে হেফাজত কর। এই নামাজ আদায়কারী বান্দা কখনও তার সিদ্ধান্তে গ্রহণের জন্য অনুতপ্ত হয় না বলেও হাদিসে উল্লেখ আছে। 

৮. সালাতুল হাজত

বান্দার কোনো বৈধ ইচ্ছা, চাওয়া, প্রয়োজন পূরণের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করার উদ্দেশ্যে এই নামাজটি নামাজ আদায় করা হয়। ২ রাকাত নামাজ আদায়ে পর বান্দা তার প্রয়োজনের সব কথা একান্তভাবে আল্লাহর দরবারে পেশ করে থাকেন। জীবনের যেকোনো সংকটে, অসুস্থতায় ও আর্থিক সমস্যায় পতিত হলে এই নামাজ আদায় করে একান্তভাবে দোয়া করা যায়। এটি আল্লাহর ওপর বান্দার নির্ভরতা ও তাওয়াক্কুলের এক অনন্য বহিঃপ্রকাশ। আল্লাহ তায়ালা এতে অনেক খুশি হন।

৯. সালাতুত তাসবিহ

এই বিশেষ নামাজে নির্দিষ্ট নিয়মে তাসবিহ পাঠ করা হয়। মোট ৪ রাকাত নামাজে প্রতি রাকাতে ৭৫ বার করে "সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার"—এই তাসবিহ পাঠ করতে হয়। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) তাঁর চাচা হযরত আব্বাস (রা.)-কে এই নামাজটি শিখিয়েছিলেন এবং ফজিলত সম্পর্কে বলেছিলেন, এই নামাজ আদায় করলে আল্লাহ তায়ালা বান্দার অতীত ও ভবিষ্যতের, পুরাতন ও নতুন, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল গুনাহ ক্ষমা করে দেয়। সম্ভব হলে এই নামাজ প্রতিদিন, তাও সম্ভব না হলে সপ্তাহে একবার বা মাসে অন্তত একবার এই নামাজ আদায় করার পরামর্শ দেওয়া হয়েছে।

১০. সুন্নতে মুআক্কাদা বা রাওয়াতিব নামাজ

সাধারণত প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে ও পরে যেসব সুন্নত নামাজ আদায় করে থাকি, সেগুলোকে সুন্নতে মুআক্কাদা নামাজ বলা হয়। এর মধ্যে রয়েছে—ফজরের ফরজ নামাজের আগে ২ রাকাত, জোহরের ফরজের আগে ৪ রাকাত ও পরে ২ রাকাত, মাগরিবের ফরজের পরে ২ রাকাত এবং এশার ফরজের পরে ২ রাকাত। হাদিসে রয়েছে: প্রতিদিন এই ১২ রাকাত নামাজ নিয়মিতভাবে আদায় করলে জান্নাতে একটি করে ঘর নির্মাণ করা হয়। সুন্নতে মুআক্কাদা নামাজ ফরজ নামাজের সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং নামাজের মধ্যে সংঘটিত যেকোনো ত্রুটি পূরণে সাহায্য করে থাকে।

১১. বিতর নামাজ

এশার ওয়াক্তে বিতর নামাজ আদায় করা হয়। বিতর নামাজ সাধারণড বিজোড় সংখ্যক রাকাতে পড়া হয়—এই নামাজ সাধারণত ৩ রাকাত, কেউ কেউ ১ বা ৫ রাকাতও পড়ে থাকেন। হানাফি মাযহাব অনুযায়ী বিতর নামাজ আদায় করা ওয়াজিব, আর অন্যান্য মাযহাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা নামাজ হিসেবে বিবেচিত হয়। রাসূলুল্লাহ (সা.) প্রতিদিন বিতর নামাজ পড়তেন, এমনকি সফরে থাকলেও তিনি বিতর নামাজ আদায় করতেন। কখনো নামাজ ছাড়েন নাই। যারা তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা রাখেন, তারা রাতের শেষ ভাগে বিতর আদায় করতে পারেন, আর যারা নিশ্চিত নন, ঘুম থেকে না উঠার আশঙ্কা থাকে তারা এশার পরপরই বিতর আদায় করে নেন।

১২. সালাতুত তাওবা

বান্দা কর্তৃক কোনো গুনাহ সংঘটিত হলে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে মন থেকে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে ২ রাকাত নামাজ আদায় করাকে সালাতুত তাওবা বলা হয়। নামাজ শেষে আন্তরিকভাবে কাঁদোকাঁদো হয়ে ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। হাদিস অনুযায়ী: কোনো বান্দা যদি গুনাহ করেন এবং তারপর অনুতপ্ত হয়ে ওজু করে ২ রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটি বান্দার ক্ষমা প্রাপ্তি এবং আত্মশুদ্ধির একটি সুন্দর মাধ্যম। 

নফল নামাজ আদায়ে করণীয় কিছু বিষয়

নফল নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদের কে অবশ্যই কিছু বিষয় মনে রাখা প্রয়োজন।

প্রথমত, নফল নামাজকে কখনোই ফরজ নামাজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। সবার আগে ফরজ নামাজকে যথাযথভাবে গুরুত্ব দিতে হবে, তারপর নফলে মনোযোগী হতে হবে।

দ্বিতীয়ত, সব ধরণের নফল নামাজ সাধারণত ২ রাকাত করে আদায় করা উত্তম, কারণ এতে করে একাগ্রতা ও মনোযোগ বজায় রাখা অত্যন্ত সহজ হয়।

তৃতীয়ত, সময়ের দিকে খেয়ার রাখা।নির্দিষ্ট ৩টি সময়ে নফল নামাজ আদায় কড়া নিষিদ্ধ—যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের ঠিক সময়ে এবং ফজর ও আসরের ফরজের পর। এই সময়গুলো এড়িয়ে অন্য  যেকোনো সময়ে নফল নামাজ আদায় করা যাবে।

এছাড়া নফল নামাজে খুশু-খুজু বজায় রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু রাকাত সংখ্যা পূরণের জন্য তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। মনোযোগের সহিত ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। নিজের ঘরে নফল নামাজ আদায় করা মসজিদে আদায় করার চেয়ে অনেক বেশি ফজিলতপূর্ণ বলে হাদিসে উল্লেখ আছে, বিশেষ করে পুরুষদের জন্য ফরজ নামাজ মসজিদে এবং নফল নামাজ ঘরে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশতের নামাজ থেকে শুরু করে তাহিয়্যাতুল ওজু, ইস্তিখারা, হাজত ও তাসবিহ নামাজ—প্রতিটি নফল নামাজেরই রয়েছে নিজস্ব বিশেষত্ব, মর্যাদা ও ফজিলত। এই নামাজসমূহ একদিকে যেমন বান্দার ঈমানকে শক্ত ও মজবুত করে, অন্যদিকে ফরজ নামাজের মধ্যে হওয়া ঘাটতি পূরণের মাধ্যম হিসেবেও কাজ করে। তাই প্রতিটি মুসলমানের উচিত সাধ্যমতো এই নফল নামাজগুলো নিয়মিত আদায় করা। কারণ এর মাধ্যমেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার সুযোগ পায় এবং দো-জাহানের সীমাহীন কল্যাণ অর্জন করতে পারে।

Post a Comment

Previous Post Next Post