ভ্যাটিকান সিটি: বিশ্বের সবচেয়ে ছোট দেশের অজানা বিস্ময়কর তথ্য

প্রকাশ:

পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যার আয়তন আমাদের অনেক শহরের ছোট এলাকার চেয়েও ক্ষুদ্রতর,দেশটির নাম ভ্যাটিকান সিটি। এই নগর রাষ্ট্রটি রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।ক্ষুদ্র এই রাষ্ট্র নিয়ে মানুষজনের ব্যাপক কৌতূহল। ভ্যাটিকান সিটির আয়তন কত, জনসংখ্যা কত, কোন মহাদেশে ও কোন দেশে অবস্থিত, এর রাজধানীর নাম কী—ইত্যাদি প্রশ্নে উত্তর নিয়ে আজকের লেখা

Image: | St. Peter's Square

ভ্যাটিকান সিটি কী?

ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন ও সার্বভৌম নগর রাষ্ট্র, যা একইসাথে রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপের বাসস্থান ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে পরিচিত। এটি মূলত একটি "সিটি-স্টেট" বা নগর-রাষ্ট্র, অর্থাৎ পুরো দেশটিই মাত্র একটি শহর নিয়ে গঠিত। আধুনিক ভ্যাটিকান সিটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি ইতালি সরকার ও হোলি সি-এর (Holy See) মধ্যকার স্বাক্ষরিত "লাটেরান চুক্তি" (Lateran Treaty)-এর মাধ্যমে। এই চুক্তির আগে শহরটি ইতালি সরকারের আয়ত্তে ছিল, কিন্তু লাটেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকানকে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ভ্যাটিকান সিটির আয়তন কত?

ভ্যাটিকান সিটি মাত্র ১০৯ একর জমি নিয়ে গঠিত। এটি একটি সাধারণ শহরের একটি পাড়ার তুলনায় আরো চছোট। বর্তমান বিশ্বের স্বীকৃত সব স্বাধীন রাষ্ট্রের মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে পরিচিত মোনাকোর আয়তনও ভ্যাটিকান সিটির চেয়ে প্রায় পাঁচ গুণ বড়। পুরো ভ্যাটিকান সিটি একটি প্রাচীর দ্বারা বেষ্টিত, যা একে ইতালির রোম শহরের বাকি অংশ থেকে আলাদা করেছে। বিখ্যাত সেন্ট পিটার্স ব্যাসিলিকা (St. Peter's Basilica), ভ্যাটিকান জাদুঘর (Vatican Museum), সিস্টিন চ্যাপেল (Sistine Chapel) এবং পোপের বাসভবন এখানেই অবস্থিত।

ভ্যাটিকান সিটির জনসংখ্যা কত?

আয়তনের মতো জনসংখ্যার দিক থেকেও ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট জনবহুল রাষ্ট্র।মোট জনসংখ্যা প্রতিনিয়ত প্রায় ৮০০ থেকে ৯০০ জনের মধ্যেই ওঠানামা করে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী ভ্যাটিকানের জনসংখ্যা মাত্র ৮৮২ জন। মজার ব্যাপার হচ্ছে এই নগণ্য জনসংখ্যার মধ্যে পোপ, কার্ডিনাল, বিশপ, ধর্মযাজক, সুইস গার্ড (যারা পোপের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে) এবং প্রশাসনিক কর্মকর্তারাও আছেন।তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভ্যাটিকান সিটির নাগরিকত্ব স্থায়ী নয়—এটি মূলত সব সময় সংশ্লিষ্ট ব্যক্তির পদ বা দায়িত্বের সাথে যুক্ত থাকে। কেউ যখন তার উপর অর্পিত দায়িত্ব থেকে অবসর নেন বা পদত্যাগ করেন, তখন তার ভ্যাটিকান নাগরিকত্বও অটোমেটিক বাতিল হয়ে যায়। এছাড়া ভ্যাটিকানে প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটক ও তীর্থযাত্রী আসেন, ঘুরে দেখেন যদিও তারা স্থায়ী জনসংখ্যার অংশ নন।

ভ্যাটিকান সিটি কোন মহাদেশে অবস্থিত?

ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশের অংশ। ইউরোপের সর্ব দক্ষিণাঞ্চলীয় দেশ ইতালির রাজধানী রোম শহরে এটি অবস্থিত। রোমের ঠিক মাঝখানে প্রাচীরে ঘেরা। ভ্যাটিকান ইউরোপ মহাদেশে অবস্থিত হলেও এই সিটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হিসাবে যুক্ত নয়, তবে ইউরো মুদ্রা ব্যবহারের জন্য বিশেষ চুক্তির মাধ্যমে তারা অনুমতি পেয়েছে।

ভ্যাটিকান সিটি কোন দেশে অবস্থিত?

ভ্যাটিকান সিটি ইতালি রাষ্ট্রের ভেতরে অবস্থিত আলাদা রাষ্ট্র। এটাকে বলা হয় "এনক্লেভ" রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র। বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশ অন্য স্বাধীন দেশের ভেতরে অবস্থিত, তাদের মধ্যে ভ্যাটিকান সিটি অন্যতম।ইতালির ভেতর অবস্থিত হওয়ার পরে এটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃত। জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে দেশটি স্বীকৃতি, নিজস্ব আইন, মুদ্রা, নিজস্ব পতাকা, ডাক ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো বিদ্যমান রয়েছে।

ভ্যাটিকান সিটি ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত?

ভৌগোলিকভাবে ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের পশ্চিম দিকে টাইবার নদীর তীরেই অবস্থিত। রোমের ঐতিহাসিক কেন্দ্রের কাছেই এর ভৌগোলিক অবস্থান, যা দেশটিকে পর্যটকদের জন্য সহজে প্রবেশযোগ্য ও সহজলভ্য করে তুলেছে।এই রাষ্ট্রের বেশিরভাগ অংশ ভ্যাটিকান পাহাড় নামক একটি ছোট পাহাড়ের ওপরেই গড়ে উঠেছে, মূলত এখান থেকেই এর নামকরণ করা হয়েছে "ভ্যাটিকান"।রোম শহরের প্রাণকেন্দ্র থেকে হেঁটে বা যানবাহনে করে খুব অল্প সময়ের মধ্যেই ভ্যাটিকান সিটিতে পৌঁছানো সম্ভব। আর এই কারণে ভ্যাটিকান রোম ভ্রমণের একটি অবশ্যপালনীয় অংশ বা তালিকা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ভ্যাটিকান সিটির মানচিত্র ও গঠন:

পৃথিবীর মানচিত্রে ভ্যাটিকান সিটির অবস্থান দেখলে খুব সহজেই বোঝা যায়, এটি প্রায় একটি অনিয়মিত আকৃতির ছোট এলাকাবেষ্টিত দেশ, যা সম্পূর্ণভাবে স্বাধীন ও সার্বভৌম ক্ষমতা সংরক্ষিত। আর এই সীমানার মধ্যেই রয়েছে বিখ্যাত সেন্ট পিটার্স স্কয়ার—যেখানে প্রায় হাজার হাজার মানুষ জমায়েত হয়ে পোপের ভাষণ শুনে থাকে। পাশাপাশি সেন্ট পিটার্স ব্যাসিলিকা (St. Peter's Basilica) ও এই দেশে অবস্থিত—যা বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টান গির্জাগুলোর মধ্যে একটি। এখানে আরো রয়েছে সিস্টিন চ্যাপেল (Sistine Chapel)—যেখানে বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলোর অসাধারণ চিত্রকর্মগুলো শোভা পাচ্ছে, রয়েছে ভ্যাটিকান জাদুঘর—যেখানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্মগুলো কে সংগ্রহ করা হয়েছে এবং ভ্যাটিকান বাগান—যা এই ছোট্ট রাষ্ট্রটির প্রায় অর্ধেক এলাকা জুড়ে বিস্তৃত হয়ে আছে। পৃথিবীর দৃশ্যমান মানচিত্রের দিকে তাকালে ভ্যাটিকানের সীমানাকে রোম শহরের সাথে মিশে থাকতে দেখা গেলেও বাস্তবে এই সীমানা কূটনৈতিকভাবে একেবারে সুস্পষ্টভাবে চিহ্নিত ও সুরক্ষিত রয়েছে।

ভ্যাটিকান সিটির রাজধানীর নাম কী?

এটি বহুল পরিচিত, আকর্ষণীয় ও প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নগুলোর একটি যে ভ্যাটিকান সিটির রাজধানীর নাম কী? উত্তর হচ্ছে যেহেতু ভ্যাটিকান সিটি নিজেই একটি সম্পূর্ণ শহর বা অংশ নিয়ে গঠিত একটি ক্ষুদ্র রাষ্ট্র, তাই এর কোনো আলাদা রাজধানী নেই—পুরো ভ্যাটিকান সিটি নিজেই তার নিজের রাজধানী হিসাবে বিবেচ্য। আমরা জানি যে, বিশ্বের প্রায় সব রাষ্ট্রেরই থাকে নিজস্ব একটি নির্দিষ্ট রাজধানী যা সচরাচর দেশের অন্যান্য অংশ থেকে আলাদা হয়, কিন্তু ভ্যাটিকানের ক্ষেত্রে এই ধারণা ভুল। এখানে পুরো দেশটিই একটি শহর, তাই "রাজধানী" ও "দেশ" একই সত্তা হিসেবে বিবেচিত। ঠিক এই বৈশিষ্ট্যের অধিকারি হওয়ার কারণেই ভ্যাটিকান সিটিকে বিশ্বের একমাত্র সিটি-স্টেট বা নগর-রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যেখানে পুরো রাষ্ট্রব্যবস্থাই একটি একক শহরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে।

ভ্যাটিকান সিটির শাসনব্যবস্থা:

ভ্যাটিকান সিটির শাসনব্যবস্থা মূলত একটি নিরঙ্কুশ রাজতান্ত্রিক (Absolute Monarchy) কাঠামোর ওপর ভিত্তি করে গঠিত হয়, যেখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকেন পোপ। পোপকে কার্ডিনালদের একটি সংঘ বা "কনক্লেভ"-এর মাধ্যমে নির্বাচিত করা হয়ে থাকে  এবং তিনি আজীবনের জন্য এই পদে বহাল তবিয়তে থাকেন, যদি না তিনি কোনো কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেন। সে দেশে পোপ শুধু ধর্মীয় নেতার মধ্যেই সীমাবদ্ধ নন, বরং ভ্যাটিকান সিটির একজন রাষ্ট্রপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার অধীনেই কাজ করে বিভিন্ন প্রশাসনিক বিভাগ ও কমিশন, যেগুলোকে একত্রে "রোমান কুরিয়া" নামে ডাকা হয়ে থাকে।

ভ্যাটিকান সিটির অর্থনীতি:

বিশ্বের আয়তনের দিক থেকে এত ছোট  ও কম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ভ্যাটিকান সিটির রয়েছে নিজস্ব অর্থনৈতিক কাঠামো। তারমধ্যে ভ্যাটিকানের প্রধান আয়ের উৎস হচ্ছ পর্যটন খাত—প্রতি বছর পুরো পৃথিবী থেকে লক্ষ লক্ষ পর্যটক বা ভ্রমণপিয়াসু মানুষজন ভ্যাটিকানে আসেন এবং জাদুঘর, সেন্ট পিটার্স ব্যাসিলিকা (St. Peter's Basilica) ও সিস্টিন চ্যাপেল (Sistine Chapel) পরিদর্শন করেন। এখানে প্রবেশ করার জন্য প্রবেশ টিকিট, স্মারক বিক্রি ও অন্যান্য প্রকাশনা সামগ্রী থেকে যথেষ্ট রাজস্ব পায় দেশটি। এছাড়া পুরো বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চগুলো থেকে প্রাপ্ত অর্থ সহায়তা, নিজস্ব ডাকটিকিট ও মুদ্রা বিক্রি এবং বিভিন্ন বিনিয়োগ থেকেও ভ্যাটিকান সিটি আয় করে থাকে। মজার ব্যাপার হচ্ছে ভ্যাটিকান সিটির নিজস্ব ব্যাংক ব্যবস্থাও বিদ্যমান রয়েছে, যা মূলত "ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্কস অব রিলিজিয়ন" (IOR) নামেই পরিচিত।

Image: Vatican Museum 

ভ্যাটিকান সিটির ভাষা ও সংস্কৃতি:

ভ্যাটিকান সিটির সরকারি ও দাপ্তরিক ভাষা ইতালীয় হলেও লাতিন ভাষাকেই তারা এখনও আনুষ্ঠানিক ধর্মীয় ও প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহার করে থাকে। দেশটিতে বিভিন্ন ক্যাথলিক চার্চের অনেক গুরুত্বপূর্ণ দলিলপত্র, ঘোষণা ও আনুষ্ঠানিক নথি এখনও লাতিন ভাষায় প্রকাশিত হয়ে থাকে। সাংস্কৃতিকভাবেও ভ্যাটিকান সিটি বিশ্বের অন্যতম সুন্দর ও সমৃদ্ধ শৈল্পিক এবং ঐতিহাসিক ভান্ডার হিসেবে সুপরিচিত হয়ে আসছে। যার ফলে ইউনেস্কো এই পুরো নগর এলাকাটি কে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (World Heritage Site) হিসেবেও স্বীকৃতি দিয়েছে।

ভ্যাটিকান সিটি সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য:

ভ্যাটিকান সিটির রয়েছে নিজস্ব পরিচয়, পতাকা, জাতীয় সংগীত, ডাকটিকিট ব্যবস্থা এবং নিজস্ব রেডিও স্টেশন।তাদের রেডিও স্টেশনের নাম হচ্ছে "ভ্যাটিকান রেডিও"। এখানে ব্যবহৃত সরকারি মুদ্রা ইউরো হলেও ভ্যাটিকানে প্রচলিত রয়েছে সম্পূর্ণ নিজস্ব বিশেষ ডিজাইনের ইউরো কয়েন—যা সংগ্রাহকদের কাছে বিশেষভাবে মূল্যবান বস্তু । এছাড়াও বিশ্বের সবচেয়ে ছোট রেলপথ ভ্যাটিকান সিটিতেই অবস্থিত, যার দৈর্ঘ্য মাত্র কয়েকশ মিটার পর্যন্ত। সুইস গার্ডরা—যারা ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরিধান করে পোপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত। তারা ১৫০৬ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সামরিক বাহিনী হিসেবে বিবেচিত ও স্বীকৃত।

কেন ভ্যাটিকান সিটি এত গুরুত্বপূর্ণ?

বিশ্বজুড়ে প্রায় ১৩০ কোটি রোমান ক্যাথলিক অনুসারীদের জন্য ভ্যাটিকান সিটি সবচেয়ে পবিত্র স্থান অর্থাৎ তাদের তীর্থ স্থান এই সিটি।এটি শুধু একটি রাষ্ট্রই নয়, বরং বিশ্বের অন্যতম একটি ধর্মীয় সংগঠনের কেন্দ্রবিন্দুও বটে। প্রতি বছর ক্রিসমাস ও ইস্টারের মতো দিনগুলো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ সেন্ট পিটার্স স্কয়ারে (St. Peter's Square) গিয়ে সমবেত হন এবং পোপের বাণী শোনেন।  এছাড়া ঐতিহাসিক স্থাপত্য ও শৈল্পিক দৃষ্টিকোণ থেকেও ভ্যাটিকান সিটির গুরুত্ব অপরিসীম—রেনেসাঁ যুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শনগুলো অনেকটাই এখানেই সংরক্ষিত রয়েছে।

আয়তনে মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং জনসংখ্যায় হাজারেরও চেয়ে কম হওয়া সত্ত্বেও ভ্যাটিকান সিটি বিশ্বব্যাপী রাজনীতি, ধর্ম ও সংস্কৃতিতে যে প্রভাব বিস্তার করে আছে, তা সত্যিই অতুলনীয়-অভাবনীয় ইউরোপের অন্যতম রাষ্ট্র ইতালির অভ্যন্তরে অবস্থিত এই ক্ষুদ্র নগর রাষ্ট্রটি এক ঐতিহাসিক সাক্ষী যা প্রমাণ করেছে কোনো রাষ্ট্রের প্রভাব শুধুমাত্র তার আকার বা আয়তন দিয়ে নির্ধারিত হয় না। রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র হিসেবে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শৈল্পিক ভান্ডার হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটি একটি অনন্য রাজনৈতিক কাঠামোর উদাহরণ হিসেবে সবসময়ই বিশ্ববাসীর কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।

Post a Comment

Previous Post Next Post