ইতিহাসনির্ভর সিরিজে তুরস্কের বাজিমাত: যে ৭টি সিরিজ বদলে দিয়েছে দর্শকদের ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গি

প্রকাশ:

ইতিহাসকে শেখার প্রধান মাধ্যম ছিল বই-পুস্তক। রাজা-বাদশাহ, যুদ্ধ-বিগ্রহ, জয়-পরাজয়, কীর্তি কিংবা সভ্যতার উত্থান-পতনের গল্প পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকত। কিন্তু গত দশকে এই ধারণাটিকে একেবারে বদলে দিয়েছে তুরস্কের ইতিহাসনির্ভর টেলিভিশন সিরিজগুলো। শক্তিশালী স্ক্রিপ্ট, বড় ধরনের বাজেট, বাস্তবসম্মত যুদ্ধদৃশ্য, উন্নত সিনেমাটোগ্রাফি এবং ঐতিহাসিক আবহ তৈরি—সব মিলিয়ে তুর্কি চলচ্চিত্র নির্মাতারা ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করেছেন, যা পৃথিবীর কোটি কোটি দর্শককে আকৃষ্ট করেছে।

বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে তুরস্কের এসব সিরিজ সম্প্রচারিত হচ্ছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ এমনকি লাতিন আমেরিকাতেও জনপ্রিয় হয়ে উঠেছে এসব সিরিজ। মুসলিম বিশ্বের ইতিহাস-সভ্যতা, সেলজুক ও উসমানীয় সাম্রাজ্যের উত্থান-পতন এবং বিভিন্ন শতকের কিংবদন্তি শাসকদের জীবনকে কেন্দ্র করে নির্মান করা হয়েছে এসব ধারাবাহিক সিরিজ।

বাংলাদেশও এই জোয়ারের স্রোত থেকে আলাদা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,টেলিগ্রাম, ওয়েবসাইট, টেলিভিশনের মাধ্যমে লাখো দর্শক এসব তুর্কি ইতিহাসভিত্তিক সিরিজের ভক্ত হয়ে ওঠেন। অনেকে এসব ঐতিহাসিক সিরিজ দেখেই উসমানীয় সাম্রাজ্য, সেলজুক রাজ্য কিংবা কনস্টান্টিনোপল বিজয়ের মতো ঐতিহাসিক বীরত্বকাহিনি সম্পর্কে আগ্রহী হয়ে উঠেন।

এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে তুরস্কের বহুল আলোচিত ইতিহাসভিত্তিক ০৭ টি জনপ্রিয় সিরিজ নিয়ে। প্রত্যেক সিরিজের কাহিনি, ঐতিহাসিক প্রেক্ষাপট, নির্মাণশৈলী ও বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরা হলো।

১. দিরিলিস: এরতুগ্রুল (Diriliş: Ertuğrul) — ইতিহাসনির্ভর তুর্কি সিরিজের এক অনন্য মাইলফলক

তুর্কি সিরিজগুলোর প্রসঙ্গ উঠলেই সবার আগে যে নামটির কথা উচ্চারিত হয়, সেটি হচ্ছে দিরিলিস এরতুগরুল। ২০১৪ সালে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক এই সিরিজটি অল্প সময়েই তুরস্কের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পৃথিবীর বহু দেশে ভিন্ন ভিন্ন ভাষায় এটিকে ডাবিং করে সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়েছে।


কী নিয়ে এই সিরিজ?

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র আর্তুগ্রুল গাজী, যিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর পিতা। তেরো শতাব্দীতে তুরস্কের আনাতোলিয়ায় কায়ি গোত্রের নেতা ছিলেন তিনি। তার নেতৃত্বে নানা সংগ্রাম, কূটনীতি ও আত্মত্যাগের পথ অতিক্রম করে অনেক অসাধ্য কে সাধন করেছিলেন গোত্রটি, সেই ঘটনাগুলোকেই এই সিরিজে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। দিরিলিস আর্তুগ্রুল কেবল একজন যোদ্ধার গল্পকাহিনী নয়; বরং এটি ছিল একটি জাতির ভিত্তি নির্মাণের কাহিনি। অত্যন্ত সীমিত শক্তি ও সামান্য সৈন্যবাহিনী নিয়ে কীভাবে একটি ছোট যাযাবর তুর্কি গোষ্ঠী ধীরে ধীরে উসমানী সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেছিল, সেটিই ছিল এই সিরিজের মূল প্রতিপাদ্য বিষয়। দিরিলিস: এরতুঘরুলের জনপ্রিয়তার অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এর গল্প বলার ধরন। প্রায় প্রতিটি পর্বে উঠে এসেছে যুদ্ধ-সন্ধি, রাজনৈতিক ষড়যন্ত্র ও কূটনৈতিক তৎপরতা, পারিবারিক সম্পর্কের টানাপোড়ন, নেতৃত্বের সংকট এবং আত্মত্যাগের মতো বিষয়। সিরিজে শুধু তলোয়ার যুদ্ধই গুরুত্ব পায় নি।বরং নেতৃত্বের গুণাবলী-সাহসীকতা, ন্যায়বিচার, ধৈর্য-প্রজ্ঞা, বিশ্বাস, গোত্র পরিচালনা এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলোও এখানে গুরুত্ব পেয়েছে। ফলে এটি দেখলে দর্শক কেবল বিনোদনই পান না, বরং ইতিহাসের একটি সময়কেও অনুভব করতে পারেন। মনে হয় যেন নিজের চোখে ইতিহাসকে দেখতে পাচ্ছেন।

দিরিলিস এরতুগরুলকে সফল করার পেছনে বিশাল ধরনের বাজেট, বাস্তবধর্মী শ্যুটিং সেট, ঐতিহাসিক পোশাক, ঘোড়সওয়ার যুদ্ধদৃশ্য, দক্ষ ক্যামেরার কারসাজি এবং শক্তিশালী ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বড় বড় যুদ্ধের দৃশ্যগুলোকে তারা এমনভাবে নির্মাণ করেছেন যে দর্শক অবলীলায় এগুলোকে হলিউড,বলিউডের মান দিয়ে থাকেন। মরুভূমি থেকে পাহাড়, বনাঞ্চল এবং গোত্রজীবনের পরিবেশকে অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজে।এরতুগরুল চরিত্রে অভিনয় করা এঙ্গিন আলতান দ্যুজইয়াতান (Engin Altan Düzyatan) তাঁর অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি হালিমা সুলতানা, হায়মে মা,তুরগুত, বামসি, দোগান, ইবনে আরাবি, সুলেমান শাহ, দেলিদেমির, আইকিসসহ অসংখ্য চরিত্র কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। বিশেষ করে আর্তুগ্রুলের সৈন্য ও বন্ধু তুরগুত আলপের কুঠার হাতে নিয়ে যুদ্ধকৌশল কিংবা বামসি ও দোগানের সাহসিকতা ছিল সিরিজের অন্যতম সুন্দর দৃশ্য।

বাংলাদেশে দিরিলিস এরতুগলের জনপ্রিয়তা

বাংলাদেশে তুর্কি সিরিজের প্রতি আগ্রহ তৈরির মূল কারিগর ছিল দিরিলিস: এরতুগরুল। অল্প সময়ের ব্যবধানেই সেই আগ্রহ রূপ নেয় গণজোয়ারে। মাছরাঙ্গা টেলিভিশ ও টফি অ্যাপের বাংলা ডাবিং প্রচারের পর সেটি ভিন্ন মাত্রা পায়।বিভিন্ন ফেসবুক ফ্যান গ্রুপ, আলোচনা, ভিডিও ক্লিপ এবং বিশ্লেষণধর্মী কনটেন্ট ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই এরতুগরুল, তুরগুত, বামসি, দোগান, হালিমার চরিত্র নিয়ে আলাদা করে আলোচনা করেন। বাংলাদেশে তুর্কি সিরিজের বাংলা সম্প্রচারের পথচলা মূলত দীপ্ত টিভির হাত ধরে।। পরে মাসরাঙ্গা টেলিভিশনও বাংলা ডাবিংয়ে যোগ করেন নতুন সংযোজন যা পরিবারসহ সবাই মিলে ইতিহাসভিত্তিক এই সিরিজটি দেখার সংস্কৃতিও নতুনভাবে গড়ে তুলতে সক্ষম হয়।

Image: TRT | Turgul Alp, Soldier of Ertugrul

পৃথিবীতে এ যাবৎ হাজার হাজার ইতিহাসভিত্তিক সিরিজ নির্মিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু দিরিলিস এরতুগরুল কে আলাদা করে তুলেছে চরিত্রগুলোর আবেগ, প্রেম, বন্ধুত্বের টান, গল্পের গভীরতা এবং সাম্রাজ্য গঠন, যুদ্ধ কৌশল, শাসকের ইমানী শক্তি ও আপোসহীনতা ইত্যাদি। যুদ্ধ, কৌশল, কুটনীতি, রাজনীতি, বিশ্বাস, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে এটি ছিল একটি অনন্য মাইলফলক, যা তুর্কি ধারাবাহিক কে তুরস্কের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

২. মেহমেদ: ফেতিহলার সুলতানী — যুদ্ধকৌশল, রাষ্ট্রনীতি ও কনস্টান্টিনোপল বিজয়ের মহাকাব্য

তুর্কি সিরিজের জগতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সংযোজনগুলোর আরেকটি হচ্ছে মেহমেদ: ফেতিহলার সুলতানী (Mehmed: Fetihler Sultanı)। সিরিজটি প্রচারিত হয় ২০২৪ সালে। উসমানীয় খেলাফতের অন্যতম শ্রেষ্ঠ শাসক সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি ইতিহাসে ফাতিহ সুলতান মেহমেদ বা মেহমেদ দ্য কনকারার নামেই সমধিক পরিচিত, তাঁর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি। সিরিজটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কনস্টান্টিনোপল বিজয় ও এক তরুণ সুলতানের দূরদর্শী নেতৃত্ব। কনস্টান্টিনোপল বিজয় ছিল রাসূল (সা) এর ভবিষৎবাণী।

স্বপ্ন ছিল একটি নগরী জয়ের

কনস্টান্টিনোপল বিজয় করে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন মাত্র ২১ বছর বয়সী সুলতান মেহমেদ। এই নগরী ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল এবং যাকে জয় করা প্রায় অসম্ভব বলেই মনে করতো বিশ্ববাসী, সেই দুর্ভেদ্য নগরীকেই বিজয়ের একমাত্র নেশা হিসাবে বেছে নিয়েছিলেন তরুন এই সুলতান। তিনিই রাসূল (সা) এর করা ভবিষৎবাণী অনুযায়ী এক সফল যুবক। এই সফলতার কৃতিত্ব অর্জনের চেষ্টা অনেকে করলেও শেষ পর্যন্ত সফল হোন সুলতান দ্বিতীয় মেহমেদ। সিরিজটিতে দেখানো হয়েছে কীভাবে শৈশব থেকেই এই স্বপ্ন মেহমেদ কে তাড়িয়ে বেরিয়েছিল এবং কীভাবে তিনি ধাপে ধাপে সেই লক্ষ্যবস্তুর দিকে এগিয়েছিলেন।

যুদ্ধক্ষেত্রের চেয়ে বড় ছিল চিন্তার যুদ্ধ

অনেক ঐতিহাসিক সিরিজে যুদ্ধকেই মূল আকর্ষণ হিসেবে দেখানো হলেও মেহমেদ: ফেতিহলার সুলতানী যুদ্ধের পাশাপাশি সমান গুরুত্ব দিয়েছে যুদ্ধের পেছনের পরিকল্পনা, কৌশল এবং রাজনৈতিক বাস্তবতাকে যা সিরিজটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। সিরিজে দেখা যায়, কনস্টান্টিনোপলের বিজয় শুধুমাত্র সৈন্যসংখ্যার উপর নির্ভর করে নাই, বরং এটি ছিল গোয়েন্দা তথ্য, অর্থনীতি, কূটনীতি, সামরিক প্রযুক্তি এবং মানসিক শক্তি ও দৃঢ়তার এক সমন্বিত অগ্নিপরীক্ষা। প্রাচীন শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্য, ভেনিস ও ইউরোপীয় শক্তি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধীদেরকে মোকাবিলা করার মধ্য দিয়ে মেহমেদকে লক্ষ্যপানে এগিয়ে যেতে হয়েছে। এই সিরিজের অন্যতম শক্তি হলো রাষ্ট্রপরিচালনার বাস্তব চিত্র সুন্দরভাবে চিত্রায়িত করা। শুধু যুদ্ধে জয়-ই একজন শাসকের মূখ্য বিষয় নয় বরং তাকে মন্ত্রী-সেনাপতি, ধর্মীয় নেতৃত্ব, ব্যবসায়ী গোষ্ঠী এবং বিদেশি শক্তিগুলোর সাথেও ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে হয়।সিরিজটিতে গ্র্যান্ড ভিজিয়ার চানদারলি হালিল পাশা এবং মেহমেদ উভয়ের মধ্যকার মতপার্থক্য গুরুত্বপূর্ণভাবে ফুটে তোলা হয়েছে। সুলতানের কনস্টান্টিনোপল জয়ের পরিকল্পনাকে অনেকেই সমর্থন না দিয়ে বিরোধিতা করেছিলেন। তারা কনস্টান্টিনোপকে জয় করা বিপজ্জনক ও অবাস্তব বলেই মনে করতেন।কারণ ইতোপূর্বে বহু মানুষ ব্যর্থ হয়েছিল। সেই বিরোধিতার মধ্যেও মেহমেদ নিজের লক্ষ্য থেকে এক চুল পরিমাণ সরে যাননি, এটি ছিল ধারাবাহিকটির অন্যতম আকর্ষণ।

Sultan Mehmed 

কনস্টান্টিনোপল অবরোধের রোমাঞ্চ

মেহমেদ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে অবরোধ যুদ্ধের উপস্থাপনা। বিশাল শক্তিশালী প্রাচীরবেষ্টিত কনস্টান্টিনোপল ছিল তখনকার বিশ্বের অন্যতম সুরক্ষিত নগরী। বহু শক্তিশালী শাসক এটিকে জয় করতে গিয়ে ব্যর্থ হওয়ার পরও মেহমেদ সেখানে আক্রমণ চালান সাহস ও বিশ্বাস নিয়ে। বিশাল যুদ্ধ কামান নির্মাণ, সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়া, যুদ্ধজাহাজকে স্থলপথে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মতো ঐতিহাসিক কৌশলগুলো দর্শকদের সামনে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। এসব দৃশ্য দর্শকদের কে শুধু বিনোদন দেয় না, বরং মধ্যযুগীয় সামরিক চিন্তাধারার গভীরতাও অনুভব করতে সাহায্য করে।

নির্মাণমান ও ভিজ্যুয়াল উপস্থাপন

বিশালাকার প্রাসাদ, দুর্গ, যুদ্ধক্ষেত্র, ভারি অস্ত্রশস্ত্র এবং পোশাকের ব্যবহার সিরিজটি কে একটি মহাকাব্যিক ভাবে উপস্থাপন করেছে। যুদ্ধ দৃশ্যগুলোর পরিসর এবং ব্যবহৃত প্রযুক্তিগত মান বিশেষভাবে দর্শকের আকর্ষিত করেছে। বিশ্বব্যাপী সিরিজটির প্রযোজনা, যুদ্ধদৃশ্যের ভিজ্যুয়াল দৃশ্য এবং চরিত্র নির্মাণের প্রশংসা দেখা যায়। যুদ্ধকৌশল, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এবং ঐতিহাসিক নাট্যরূপের সমন্বয় মেহমেদ: ফেতিহলার সুলতানীকে এক অনন্য স্থানে নিয়ে গেছে। 

৩. কুরুলুস উসমান (Kuruluş: Osman) — একটি সাম্রাজ্যের জন্ম, দূরদর্শী নেতৃত্ব ও অবিচল সংগ্রামের অমর গল্প

দিরিলিশ: এরতুগরুল সিরিজটি শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল—এরতুগরুল গাজীর স্বপ্নের শেষ পরিণতি কী ছিল? অনেকটা উপন্যাসের মতো: শেষ হয়েও হইলো না শেষ! কিন্তু দর্শকদের বেশিদিন অপেক্ষা করতে হয় নি। প্রশ্নের উত্তর নিয়ে ২০১৯ সালে নতুন নামে নতুন করে পথচলা শুরু হয় কুরুলুস: উসমান (Kuruluş: Osman) নামক সিরিজটির। এটি ছিল মূলত উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর জীবন, যিনি আর্তুগ্রুলের ছেলে। দীর্ঘ সংগ্রাম এবং সীমান্তবর্তী ছোট্ট গোত্র থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি গড়ে তোলার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে অত্যন্ত সুন্দর আবহে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় তুর্কি সিরিজ হিসেবে পরিচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু দেশে ধারাবাহিকটি বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছে এবং কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছে।



একটি সাম্রাজ্যের ভিত্তি নির্মাণের গল্প

কুরুলুস: উসমানের মূল বিষয় যুদ্ধ নয়, বরং এখানে তুলে ধরা হয়েছে একটি রাষ্ট্র গঠনের দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া যার ভিত্তি রচনা করে গিয়েছিলেন আর্তগ্রুল গাজী। এরতুঘরুল গাজীর মৃত্যুর পর কায়ি গোত্রের নেতৃত্ব গ্রহণ করেন তারই ছেলে উসমান। কিন্তু সামনে ছিল অসংখ্য বাধা-বিপত্তি। একদিকে বাইজেন্টাইনের শক্তিশালী দুর্গ, অন্যদিকে দুর্ধর্ষ মঙ্গোলীয় বাহিনী, তুর্কি বেইদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার ত্রিমাত্রিক লড়াই—সবকিছুর মধ্য দিয়েই তাঁকে নিজের লক্ষ্যে পৌছাতে হয়েছে। সেই সংগ্রামই এই সিরিজটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত।

এই সিরিজে উসমান গাজীকে শুধুমাত্র একজন সাহসী যোদ্ধা হিসেবে দেখানো হয়নি বরং তাঁকে এমন একজন বে হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ ও মানুষের আস্থা অর্জন করতে পারেন এবং একইসাথে কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পিছপা হোন না। বিভিন্ন গোত্রীয় ঐক্য ধরে রাখা, নতুন নতুন মিত্র তৈরি করা, শত্রুর ষড়যন্ত্রকে কৌশলের মাধ্যমে মোকাবিলা করা এবং সীমান্তের নতুন অঞ্চল দখল করা—প্রতিটি ক্ষেত্রেই তাঁর দক্ষ নেতৃত্বের বিভিন্ন দিক ফুটে ওঠেছে দারুনভাবে। যুদ্ধের পাশাপাশি বিভিন্ন পক্ষের সাথে কূটনৈতিক আলোচনা, সামরিক ও গোত্রীয় জোট গঠন, বিশ্বাসঘাতকতা এবং গোয়েন্দা তৎপরতা ও কৌশল, যুদ্ধদৃশ্য ও নির্মাণশৈলী সিরিজটিকে অনেক উচ্চ স্থানে নিয়ে গিয়েছে। দুর্গ অবরোধ করা, অশ্বারোহী বাহিনীর ভয়ংকর আক্রমণ, তীরন্দাজদের সামরিক কৌশল এবং কাছাকাছি লড়াই করা—সবকিছুকে আধুনিক প্রযুক্তির সাহায্যে অত্যন্ত চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা হয়েছে।

শক্তিশালী চরিত্রের সমাবেশ

সিরিজের নায়ক উসমান গাজীর চরিত্রে অভিনয় করে বুরাক ওজচিভিত দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তাঁর সাহসীকতা,দৃঢ়তা, নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রের উপস্থিতি চরিত্রটিকে আরও বেশি জীবন্ত করে তুলেছে। এ ছাড়াও বালা হাতুন, মালহুন হাতুন, শায়েখ এদেবালি, তুরগুত আলপ, কোনুর আলপ, চেরকুতাইসহ বিভিন্ন চরিত্র গল্পকে আরও বেশি সমৃদ্ধ করেছে। বন্ধুপক্ষ, শত্রুপক্ষ এবং রাজনৈতিক প্রতিপক্ষ—সব মিলিয়েই সিরিজে চরিত্রের বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়।

Kurulus Usman

কেন দর্শকদের কাছে এত জনপ্রিয়?

শুধু যুদ্ধই নয়, কূটনৈতিক কূটচাল, গোয়েন্দা তৎপরতা, সীমান্ত সংঘাত ও নিরাপত্তা এবং রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতিও সিরিজটিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ফলে এতে দর্শকরা যুদ্ধক্ষেত্রের পাশাপাশি রাষ্ট্র পরিচালনাসহ আরও নানা দিক দেখতে পান। এর নির্মাণশৈলী, পোশাক-পরিচ্ছদ, যুদ্ধের ভিজ্যুয়াল দৃশ্য এবং ঐতিহাসিক পরিবেশ তৈরির আবহ থেকেও সিরিজটি বেশ প্রশংসিত। বিশাল বড় সেনাবাহিনী, অশ্বারোহীর শক্তিশালী সংঘর্ষ এবং মধ্যযুগীয় আমলের যুদ্ধকৌশলকে চমৎকারভাবে উপস্থাপন দর্শকদের সিরিজটির শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। যারা সেলজুক সাম্রাজ্যের বিস্তৃত ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রাম সম্পর্কে জানতে চান কিংবা উসমানীয় সাম্রাজ্যের পূর্বের তুর্কি ইতিহাস সম্পর্কে প্রকমত ইতিহাস জানতে চান, তাদের জন্য আলপারসলান: বুইয়ুক সেলজুকলু অবশ্যই একটি বেস্ট চয়েজ। ইতিহাস, নেতৃত্বের গুণাবলি ও সামরিক যুদ্ধকৌশলের সমন্বয়ে এটি আধুনিক তুর্কি ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বেশ খ্যাতি পেয়েছে।

কুরুলুশ: উসমান শুধু একটি যুদ্ধের গল্পই ছিল না; বরং এটি ছিল একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের এক ঐতিহাসিক গল্প। যারা দিরিলিশ: এরতুঘরুল দেখেছেন, তাদের কাছে এই সিরিজটিকে মনে হয়েছে সেই গল্পেরই স্বাভাবিক ধারাবাহিকতা। আর যারা প্রথমবার তুর্কি ইতিহাসভিত্তিক সিরিজ দেখতে আগ্রহী, তাদের কাছেও প্রথমবারের মতো এটি একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হতে পারে। সুদীর্ঘ সময় ধরে সফলভাবে সম্প্রচারিত হওয়া এই সিরিজটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে একটি সাম্রাজ্য জন্মের গল্পও হতে পারে রোমাঞ্চকর, অনুপ্রেরণাদায়ক এবং ইতিহাসসমৃদ্ধ। 

৪. পায়িতাথ: আবদুল হামিদ (Payitaht: Abdülhamid) — কূটনীতি, গোয়েন্দা তৎপরতা ও সাম্রাজ্য রক্ষার ঐতিহাসিক সংগ্রাম

উসমানীয় সাম্রাজ্যের শেষের দিকের ইতিহাস,ঐতিহ্য ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে পায়িতাহত: আবদুল হামিদ (Payitaht: Abdülhamid) নামক আলোচিত তুর্কি ইতিহাসভিত্তিক সিরিজ। এই সিরিজে বিশেষভাবে তুলে ধরা হয়েছে উসমানীয় সাম্রাজ্যের ৩৪ তম সুলতান দ্বিতীয় আবদুল হামিদ-এর শাসনকাল। যখন ইউরোপীয় শক্তিগুলোর চাপ, অভ্যন্তরীণ প্রাসাদ ষড়যন্ত্র ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুরো সাম্রাজ্যকে টিকিয়ে রাখার কঠিন লড়াই চলছতেছিল।এই সিরিজের মূল আকর্ষণ যুদ্ধ নয়, বরং রাজনীতি, রাষ্ট্রনীতি, কূটনীতি এবং গোয়েন্দা তৎপরতার এক অনন্য সমন্বয় এটি।



উক্ত সিরিজে সুলতান আব্দুল হামিদ কে এমন একজন ন্যায়বান শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি সরাসরি যুদ্ধের পাশাপাশি কৌশল, তথ্য সরবরাহ এবং বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে সাম্রাজ্যকে রক্ষা করতেন।। বিদেশি শক্তির রাজনৈতিক চাপ, প্রাসাদের ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে।সিরিজে সেই সময়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনাবলী, প্রাসাদের পরিবেশ, মন্ত্রীপরিষদের নেওয়া সিদ্ধান্ত এবং ক্ষমতার দ্বন্দ্ব সবকিছুকে নাটকীয় আবহে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি উসমানীয় সাম্রাজ্যের শেষ দিকের রাজনৈতিক বাস্তবতাকেও দর্শকদের সামনে স্পষ্টভাবে চিত্রিত করা হয়েছে। বেশ সমৃদ্ধ সেট, রাজকীয় পোশাক-পরিচ্ছদ, প্রাসাদের নান্দনিক নকশা ও পরিবেশ এবং শক্তিশালী অভিনয় সিরিজটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে যারা ইতিহাসের রাজনীতির মোড়, আন্তর্জাতিক সম্পর্ক এবং শাসকের কৌশলগত সিদ্ধান্ত সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য পায়িতাহত: আবদুল হামিদ একটি বেশ উপভোগ্য ও চিন্তাশীল ধারাবাহিক সিরিজ। উসমানীয় সাম্রাজ্যের শেষ সময়কালকে নাটকীয় অথচ অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার কারণে এই সিরিজটি ইতিহাসপ্রেমীদের মনে বিশেষভাবে দাগ কেটেছে।

৫. আলপারসলান: বুইয়ুক সেলজুকলু  (Alparslan: Büyük Selçuklu)— সেলজুক সাম্রাজ্যের উত্থান ও এক কিংবদন্তি বিজেতার ঐতিহাসিক গল্প

তুরস্কের ইতিহাসে অন্যতম প্রভাবশালী শাসক ছিলেন সুলতান আলপারসলান। তার জীবন ও মহান সেলজুক সাম্রাজ্যের উত্থানের উপর নির্মিত হয়েছে আলপারসলান: বুইয়ুক সেলজুকলু (Alparslan: Büyük Selçuklu)। মূলত মধ্যযুগের রাজনৈতিক অস্থিরতা, বাস্তবতা, সীমান্তের সংঘাত এবং সাম্রাজ্য বিস্তারের বাস্তব চিত্র এই সিরিজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিরিজে দেখানো হয়েছে একজন দক্ষ সেনাপতি কীভাবে ধীরে ধীরে সেলজুক সাম্রাজ্যের একজন সাহসী সুলতানে পরিণত হয়েছিলেন এবং কীভাবে তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সাম্রাজ্যকে শক্তিশালী করে তোলেন। বিশেষ করে মানজিকের্তের যুদ্ধে বিজয় ছিল সেলজুকদের ঐতিহাসিক, এটি তুর্কি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে এবং পরবর্তীকালে আনাতোলিয়ায় তুর্কিদের স্থায়ী বাসস্থানের পথকে সুগম করে দেয়।

৬.দেস্তান (Destan)— প্রাচীন তুর্কি বীরত্ব, সংস্কৃতি ও স্বাধীনতার এক অনন্য মহাকাব্য

তুরস্কের নির্মিত ইতিহাসভিত্তিক সিরিজগুলোর মধ্যে দেস্তান সিরিজটি (Destan) একেবারেই ভিন্নধর্মী। যেখানে অন্যান্য অধিকাংশ জনপ্রিয় সিরিজ সেলজুক কিংবা উসমানীয় সাম্রাজ্যের উপর ভিত্ডি করে নির্মিত, সেখানে দেস্তান দর্শকদের টেনে নিয়ে যায় আরও প্রাচীন তুর্কি সভ্যতার যুগে। অষ্টম শতাব্দীর সময়ে এশিয়ার তুর্কি গোত্রগুলোর জীবন, বাসস্থান,সংস্কৃতি, সংগ্রাম এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ঘিরেই এগিয়ে যায় এর দৃশ্যপট। দেস্তান সিরিজটের কেন্দ্রে রয়েছে সাহসী এক নারী যোদ্ধা আক্কিজ এবং যুবরাজ বাতুগা। প্রতিকূল পরিবেশ পরিস্থিতি, ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং স্বাধীনতার লড়াই এসব কিছুর সমন্বয় ইতিহাসের গল্পকে করে তুলেছে বেস আবেগঘন ও রোমাঞ্চকর। এখানে শক্তিশালী নারী চরিত্র এবং উপজাতীয় সংস্কৃতির নান্দ্যনিক উপস্থাপন ধারাবাহিককে অন্যান্য ধারাবাহিক সিরিজ থেকে আলাদা করেছে।


দেস্তানের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে মনোমুগ্ধকর প্রাকৃতিক শ্যুটিং স্পট, ঐতিহ্যবাহী পোশাক, উপজাতীয় জীবনধারা ও সংগ্রামী জীবন এবং দৃষ্টিনন্দন যুদ্ধ ভিজ্যুয়াল । মধ্য এশিয়ার বিস্তীর্ণ পথ-প্রান্তর, ঘোড়সওয়ার সাহসী যোদ্ধা এবং প্রাচীন তুর্কি সংস্কৃতির মাধ্যমে তৈরি আবহ দর্শকদেরকে ভিন্ন এক সময়ের দিকে এগিয়ে নিয়ে যায়। যারা সেলজুক ও উসমানীয় যুগের বাইরেও তুর্কি জাতীর ইতিহাস, ঐতিহ্য ও জীবনসংগ্রাম এবং কিংবদন্তিনির্ভর গল্পকাহিনি উপভোগ করতে চান, তাদের জন্য দেস্তান সিরিজ টি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও দর্শনীয়।

৭. বারবারোসলার: আকদেনিজিন কিলিচি (Barbaroslar: Akdeniz'in Kılıcı)  — ভূমধ্যসাগরের অপ্রতিদ্বন্দ্বী নৌবীরদের রোমাঞ্চকর কাহিনি

স্থলযুদ্ধের বাইরেও সমুদ্রজয়ের ইতিহাস দেখতে চাইলে বারবারোসলার: আকদেনিজিন কিলিচি (Barbaroslar: Akdeniz'in Kılıcı) হতে পারে দর্শকদের জন্য দারুণ একটি পছন্দ। এই সিরিজটি উসমানীয় সাম্রাজ্যের একজন সাহসী নৌ-সেনাপতি বারবারোসা হাইরেদ্দিন পাশার জীবনের উপর ভিত্তি নির্মিত। পাশাপাশি তাঁর ভাইদের জীবন, সংগ্রাম ও ভূমধ্যসাগরে আধিপত্য প্রতিষ্ঠার ইতিহাসকেও এখানে জীবন্ত করে তুলে ধরা হয়েছে।

এই ধারাবাহিকে দেখানো হয়েছে কীভাবে একজন সাধারণ নাবিক থেকে বারবারোসা ভাইরা ধীরে ধীরে, যুদ্ধ ও কৌশল রপ্ত করে উসমানীয় নৌবাহিনীর অন্যতম শক্তিশালী নেতৃত্বে পরিণত হয়েছিলেন। জলদস্যুদের বিরুদ্ধে সাহসী অভিযান, সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়া, নৌযুদ্ধের কৌশলনীতি এবং বিভিন্ন ইউরোপীয় শক্তির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ গল্পটিকে একটু বেশিই রোমাঞ্চকর করে তুলেছে।এই সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে বিশাল নৌযুদ্ধের ভিজ্যুয়াল দৃশ্য, বড় বড় যুদ্ধজাহাজের ব্যবহার এবং সমুদ্রভিত্তিক সামরিক কলাকৌশলের চমৎকার উপস্থাপন। তুরস্কের নির্মিত অন্যান্য সিরিজে যেখানে স্থলযুদ্ধকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে , সেখানে বারবারোসলার দর্শকদের টেনে নিয়ে যায় ঐতিহাসিক ভূমধ্যসাগরের উত্তাল জলরাশিতে।

নির্মাণশৈলী, পোশাকের ব্যবহার, যুদ্ধজাহাজের সেট এবং সিনেমাটিক দৃশ্যায়ন এই সিরিজটিকে দর্শকদের কাছে আরও বাস্তবসম্মত করে তুলেছে। পাশাপাশি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সাহস, আনুগত্য এবং নেতৃত্বের বিষয়গুলোও গল্পের মধ্যে গুরুত্বের সাথে উপস্থাপিত হয়েছে।

ঐতিহাসিক সিরিজগুলো শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; বরং সংগ্রামী ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে গ্রহণযোগ্য করে তুলে ধরার এক সফল প্রয়াস। মহান সেলজুক সাম্রাজ্যের উত্থান, উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি তৈরী ও প্রতিষ্ঠা, কনস্টান্টিনোপল শহরের বিজয়, নিজের সাম্রাজ্য রক্ষার রাজনৈতিক সংগ্রাম থেকে শুরু করে ভূমধ্যসাগরের নৌ-অভিযান প্রতিটি অধ্যায়ই এসব সিরিজের মাধ্যমে জীবন্ত হয়ে উঠে এসেছে। দেখলে মনে হবে ইতিহাসকে দেখা হচ্ছে স্বচক্ষে।

বিশেষ করে দিরিলিস: এরতুঘরুল ইতিহাসনির্ভর তুর্কি ধারাবাহিককে তুরস্কের পাঠ চুকিয়ে বিশ্বব্যাপী নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। শক্তিশালী গল্প, সংগ্রামী জীবন, স্মরণীয় ও বিষ্ময়কর সব চরিত্র, আবেগঘন উপস্থাপন, নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মত্যাগের বার্তা এটিকে কোটি কোটি দর্শকের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। বাংলাদেশেও সিরিজটি অন্যতম আলোচিত বিদেশি ধারাবাহিক যা এখনো লক্ষ লক্ষ অডিয়েন্স টেলিগ্রাম, ওয়েবসাইটের মাধ্যমে দেখে যাচ্ছেন। বাংলা ডাবিংয়ের মাধ্যমে এটি সব শ্রেণি-পেশার মানুষের কাছে কাছে পৌঁছে যায় এবং তুর্কি ইতিহাস সম্পর্কে জানতে নতুন এক আগ্রহের জন্ম দেয়।

অন্যদিকে মেহমেদ: ফেতিহলার সুলতানী তুর্কি সিরিজের শান-মান কে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। কনস্টান্টিনোপল বিজয়ের ঐতিহাসিক ঘটনাকে অদম্য সাহসীকতা, যুদ্ধকৌশল, রাষ্ট্রনীতি ও দূরদর্শী নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করায় তা দর্শকদের মন কে জয় করে নিয়েছে। একইভাবে কুরুলুস উসমান একটি তুরস্কের ছোট সীমান্তবর্তী যাযাবর গোত্র থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি গড়ে তোলার রোমাঞ্চকর যাত্রাকে নাটকীয়ভাবল তুলে ধরেছে যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এ ছাড়াও অন্যান্য সিরিজ যেমন আলপারসলান,পায়িতাথ আবদুল হামিদ, বারবারোসলার এবং দেস্তান—প্রতিটি সিরিজই নিজস্ব গল্পে, স্বতন্ত্র আবহে, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং নান্দনিক নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়। ফলে তুর্কি ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক সময়, শাসক ও ঘটনাকে কাছ থেকে জানার একটি দারুণ ও অনিন্দ্য সুযোগ তৈরি হয়েছে।

তবে একটি বিষয় সকলের মনে রাখা জরুরি যেসব সিরিজ বাস্তব ইতিহাসের উপর নির্ভর করে নির্মান করা হলেও নাটকীয়তা ও বিনোদন ও শ্রোতাদের ধরে রাখার জন্য অনেক ক্ষেত্রে কাল্পনিক চরিত্র, সংলাপ এবং ঘটনাকেও যোগ করেছে। তাই কোনো দেশের যেকোনো বিষয়ে বা ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে হলে নির্ভরযোগ্য ইতিহাসগ্রন্থ পড়া বাধ্যতামূলক।

আপনি যদি মুসলিম শাসকদের ইতিহাস, যুদ্ধ, রাজনীতি, নেতৃত্ব, সংকল্প এবং সভ্যতার উত্থান-পতনের নানা ধরনের গল্প পছন্দ করে থাকেন, তাহলে তুরস্কের এসব ইতিহাসভিত্তিক টিভি সিরিজ আপনার দেখার তালিকায় অবশ্যই থাকা উচিত বলে মনে করি। কারণ এসব ধারাবাহিক শুধু অতীতের গল্পই বলে না, বরং সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব এবং আত্মত্যাগের মতো চিরন্তন মূল্যবোধও দর্শকের সামনে শৈল্পিকভাবে তুলে ধরে।

Post a Comment

Previous Post Next Post